লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর-চৌমুহনী সড়কের বটতলী এলাকায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার দিঘলী ইউনিয়নের মো. মহসিনের ছেলে আবদুল করিম ও নিজাম উদ্দিন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ৮-১০টি গাড়ি ভাঙচুর এবং রায়পুর-চৌমুহনী সড়কের মান্দারী এলাকা অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মান্দারী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ফরিদ উদ্দিন বলেন, কুমিল্লা থেকে লক্ষ্মীপুরগামী একটি বাসের শহরের সঙ্গে বটতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই আরোহী নিহত হন। এ ছাড়া বাস ও অটোরিকশার চার আরোহী আহত হন।