লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী পূর্ব বাজারে গত বৃহস্পতিবার রাতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার দক্ষিণ দত্তপাড়া গ্রামের মো. চৌধুরী মিয়া (৭০) ও তাঁর ছেলে মো. ইউসুফ (৩২) এবং বটতলী গ্রামের মো. শাহজাহান (৩৭)। এ দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী উপজেলার বটতলী গ্রামের মো. রহিমসহ চারজন আহত হন। আহত ব্যক্তিদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মো. শাহজাহানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আর বাবা-ছেলে ঘটনাস্থলেই নিহত হন।চন্দ্রগঞ্জ মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের মান্দারী পূর্ব বাজারে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক ও অটোরিকশা দুটি আটক করা হয়েছে। চালক পলাতক।কমলনগরে নিহত ১: রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আনন্দবাজার এলাকায় রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে গতকাল শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মো. রুহুল আমিন (২৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তাঁর বাড়ি কমলনগর উপজেলার চরফলকন এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মোটরসাইকেলের চালক মো. রুহুল আমিন নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আবু তাহেরকে (৩০) ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় একটি ট্রাক্টর অতিক্রম করতে গিয়ে তিনি মোটরসাইকেলসহ সড়কের ওপর পড়ে যান ও ট্রাক্টরের নিচে চাপা পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।কমলনগর থানার ওসি সুব্রত ব্যানার্জি জানান, ট্রাক্টর ও মোটরসাইকেল আটক করা হয়েছে। ট্রাক্টরের চালক পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।