লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় যুবলীগের ২ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ফরাশগঞ্জ বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় যুবলীগের দুই নেতা নিহত হয়েছেন। এদিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন।
লক্ষ্মীপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু জানান, লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এমরান হোসেন কুশাখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও শরীফ উদ্দিন সদস্য ছিলেন। এমরান ও শরীফের বাড়ি ইউনিয়নের নলডগি গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় এমরান ও শরীফ মোটরসাইকেলযোগে ফরাশগঞ্জ বাজারে যাচ্ছিলেন। বাজারের পাশে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে এমরান ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত শরীফকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রোববার রাত ১১টার দিকে তিনি মারা যান।
কুশাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন বলেন, গতকাল সোমবার দুপুরে জানাজা শেষে দুজনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে চরম্বা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেিণর ছাত্র রাশেদুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার বার আউলিয়া কলেজ গেট এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে রাশেদুল গুরুতর হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার রাত ১১টার দিকে লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দরের বাসিন্দা আবু তাহের (৫৭) পুরান বিওসি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় তাঁকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাহেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।