লক্ষ্মীপুরে বিএনপি নেতা হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবর মিয়া
বাবর মিয়া

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বাবর মিয়া হত্যা মামলায় ১১ জনকে মৃত্যুদণ্ডাদেশ এবং চারজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন লক্ষ্মীপুরের সদর উপজেলার তিতারকান্দি গ্রামের আলম, সিরাজ, মঞ্জু, কালা মুন্সি, মামুন, ভুট্টো ও মইন উদ্দিন, গোবিন্দপুর গ্রামের মোরশেদ আলম ও আবুল বাশার, জগন্নাতপুর গ্রামের মাসুদ এবং রাজাপুর গ্রামের মঈন উদ্দিন। খালাসপ্রাপ্তরা হলেন জামাল, নুরুল হুদা, আলী হোসেন ও নুরুল হক। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মোরশেদ আলম ও মাসুদ কারাগারে আছেন। বাকিরা পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০০৩ সালের ৮ মার্চ রাতে বাড়ি ফেরার পথে তিতারকান্দি গ্রামের স্থানীয় মসজিদের কাছে চরশাহী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবরকে মিয়াকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে উল্লেখ করেন নিহতের ভাই নুরুল আলম। পরে তিনি বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে লক্ষ্মীপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে সরকারি কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগপত্র থেকে মো. সেলিম, আবুল কাশেম ও আলী হায়দার নামের তিনজনকে বাদ দেওয়া হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু। তিনি বলেন, ‘বাবর আমাদের নেতা ছিলেন। তাঁর হত্যার বিচারের রায়ে আমরা সন্তুষ্ট।’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোরশেদের বাবা জামাল উদ্দিন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করা মো. আবুল কালাম রায়ে সন্তোষ প্রকাশ করেন।