লক্ষ্মীপুরে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মচারী আবু তাহের হত্যা মামলায় মনোয়ারা বেগম নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ এ রায় দেন। মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আবু তাহের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের বাসিন্দা ছিলেন। জমি কেনা নিয়ে বিরোধের জেরে ২০০৯ সালে ৯ নভেম্বর রাতে একদল সন্ত্রাসী বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকতা মনোয়ারা বেগমকে প্রধান আসামি করে জহির, সিরাজ, সেলিম, আলমগীর, ইব্রাহিম ও সবুজ নামে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে আসামি সিরাজ মারা যান। দীর্ঘ শুনানি শেষে আসামিদের উপস্থিতিতে বুধবার মনোয়ারা বেগমবেক যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। নিহত আবু তাহেরের স্ত্রী নাসরিন আক্তার বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। মনোয়ারা নিজে আমার স্বামীর মুখ চেপে ধরেছিল; আর অন্যরা হত্যা করেছিল বলে স্বীকারোক্তি দিয়েছিল।’