লক্ষ্মীপুরে ১০ জনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে স্কুলছাত্রী স্মৃতি রানী সীমাকে (১৩) ধর্ষণের পর হত্যার দায়ে ১০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল বাছিদ গতকাল মঙ্গলবার দুপুরে এ মামলার রায় ঘোষণা করেন। জরিমানার টাকা সীমার পরিবারকে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। মামলার অপর ১৪ জন আসামিকে বেকসুর খালাস দেন আদালত। লক্ষ্মীপুরে এক মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার ঘটনা এটিই প্রথম।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন: মানিক হোসেন, সুমন, সোহেল, নুর আলম, নুর নবী, সাদ্দাম হোসেন, হিরন, রাশেদুল ইসলাম, চৌকিদার হেদায়েত উল্যা ও আনোয়ার হোসেন। তাঁদের মধ্যে মানিক, সাদ্দাম, সুমন, সোহেল ও রাশেদুল পলাতক রয়েছেন। মামলার আসামিদের সবাই নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার বাসিন্দা।
সীমার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বসুদহিতা গ্রামে এবং সে স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
রায় শুনে নিহত সীমার মা মিনতি রানী আদালতপাড়ায় কান্নায় ভেঙে পড়েন। রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি তো মেয়েকে আর পাব না। আদালতের এ রায় যেন দ্রুত কার্যকর করা হয়।’ মিনতি রানী জানান, পরিবারের সদস্যদের নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৮ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বসুদহিতা গ্রামের লক্ষ্মণ চন্দ্র দেবনাথের বাড়িতে মুখোশ পরা ১৪-১৫ জন ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় লক্ষ্মণের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী সীমাকে একটি কক্ষে আটকে রেখে গণধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় পরদিন সীমার ভাই কৃষ্ণ লাল দেবনাথ অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামি করে লক্ষ্মীপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২৫ মার্চ পুলিশ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন। পলাতক আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রের নিযুক্ত আইনজীবী এ কে এম হুমায়ুন কবির। আসামিপক্ষে ছিলেন আবদুল ওহাব ও মোরশেদ আলম। রায়ের পর আসামিপক্ষের আইনজীবীরা বলেন, এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।