লক্ষ্মীপুরে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
লক্ষ্মীপুর পৌরসভার চকবাজার ও মাছ বাজার এবং সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে গতকাল বুধবার পৃথক অভিযান চালিয়ে ১৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম খান ও আবদুর রহিম অভিযানে নেতৃত্ব দেন। সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত লক্ষ্মীপুরের চকবাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে একটি দোকানকে পাঁচ হাজার টাকা, নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও বিএসটিআইয়ের অনুমতি ছাড়া দধি উৎপাদনের দায়ে লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে সাত হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া ওজনে কম দেওয়ার দায়ে দুটি পোলট্রি ফার্মকে এক হাজার টাকা করে এবং একটি মাংসের দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে গতকাল সদর উপজেলা চন্দ্রগঞ্জ বাজারে লাইসেন্স না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা করে ছয় হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় চারটি মুদি দোকানকে চার হাজার টাকা জরিমানা করা হয়। ফরমালিন থাকায় একটি ফল দোকান থেকে ১০ হাজার টাকার ফল জব্দ করা হয় এ ছাড়া মাছ বাজারে এক মণ পিরানহা মাছ জব্দ করা হয়। এ সময় মাছ ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।