লক্ষ্মীপুরে ২৭ জেলে আটক, ১০ জনের দণ্ড
মেঘনা নদীর ইলিশের অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছ ধরার দায়ে গত শনিবার লক্ষ্মীপুরে ২৭ জেলেকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপর ১০ জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এবং সাতজনকে মৎস্য আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার দায়ে শনিবার বিকেলে আলেকজান্ডার ইউনিয়নের জারিরদোনা স্লুইসগেট মাছঘাট এলাকা থেকে নয় জেলেকে আটক করা হয়। তাঁরা হলেন: আলেকজান্ডার গ্রামের দিদার হোসেন, মো. সোহেল, গিয়াস উদ্দিন, ফারুক হোসেন, রিপন উদ্দিন, আবদুল মান্নান, সিরাজ উদ্দিন, চৌধুরী আলম ও রুবেল উদ্দিন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম দীপক কুমার রায় মৎস্য সংরক্ষণ আইনে তাঁদের এক বছর করে সশ্রম কারাদণ্ড দেন। গতকাল রোববার তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
কমলনগর থানার কর্তব্যরত উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, রামগতির বালুরচর এলাকার মোশারফ হোসন, কমলনগর উপজেলার চরফলকন এলাকার বাহার উদ্দিন, আবদুল মালেক, আজাদ উদ্দিন, শিপন, আবদুল আলীম ও বাহার হোসেনকে ইলিশ ধরার দায়ে শনিবার গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুনীল চন্দ্র ঘোষ জানান, লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে কমলনগরের বাতিরখাল মাছঘাট পর্যন্ত মেঘনা নদীর ইলিশের অভয়াশ্রমে শনিবার অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করা হয়। ওই সময় এক লাখ টাকা মূল্যের পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। পরে নির্বাহী হাকিম মো. আল মামুনের ভ্রাম্যমাণ আদালত আটক জেলেদের একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং অপর ১০ জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় ইলিশের অভয়াশ্রমে ৫ অক্টোবর থেকে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ১৫ অক্টোবর পর্যন্ত (১১ দিন) তা অব্যাহত থাকবে। এ সময়ে নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার পাশাপাশি ইলিশ ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। ওই নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে।