লক্ষ্মীপুরে ৫জনের যাবজ্জীবন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আবদুল মান্নান (৫০) হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম এ রায় দেন। মামলায় অপর চারজনকে খালাস দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন রায়পুর উপজেলার চরপাতা গ্রামের বসিরউল্যা ব্যাপারীর ছেলে আবদুল আজিজ (৫৫), আবদুল আজিজের ছেলে আলা উদ্দিন (৩০), মো. ফয়সাল (২৫), মো. রিয়াজ হোসেন (২২) ও আবদুল কাদেরের ছেলে নুর আলম (৩২)। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১১ ডিসেম্বর সকালে রায়পুর উপজেলার চরপাতা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় আবদুল মান্নানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে মো. রাজু বাদী হয়ে ১০ জনকে আসামি করে রায়পুর থানায় একটি হত্যা মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ দিলেন।
সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।