লক্ষ্মীপুরে 'গোলাগুলিতে' সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিহত
নারী নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত হয়েছেন। গত বুধবার রাত তিনটার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নিহত আবদুর রহিম (৩৫) ডাকাত দলেরও সদস্য। ঘটনায় পুলিশের তিন কনস্টেবলও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, দুটি রামদা ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে। আহত কনস্টেবল মো. মহসিন, মাহবুবুর রহমান ও মো. ইব্রাহিম লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ২০০৮ সালে ধর্ষণ মামলায় আবদুর রহিমের যাবজ্জীবন সাজা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ থানায় ছয়টি মামলা রয়েছে।
আবদুর রহিমের বাড়ি সদর উপজেলার দিঘলী ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামে। আট মাস ধরে তিনি রামগতি উপজেলার চর নেয়ামত গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। আবদুর রহিমের স্ত্রী সুরমা আক্তার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাতে তাঁর স্বামীকে অস্ত্রধারী কয়েকজন লোক বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
পুলিশ সূত্র জানায়, বুধবার রাত তিনটার দিকে চরশাহী গ্রামের একটি বাগানে ডাকাতেরা অবস্থান নেয়। পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষে কয়েকটি গুলিবিনিময় হয়। একপর্যায়ে ডাকাত আবদুর রহিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ‘গোলাগুলিতে’ আবদুর রহিম নিহত হওয়ার ঘটনায় তিনটি পৃথক মামলা হয়েছে। ডাকাতির প্রস্তুতি ও হত্যা, অস্ত্র উদ্ধার এবং পুলিশের ওপর হামলার ঘটনায় দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় গতকাল তিনটি মামলা করেন। এতে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও সাতজনকে আসামি করা হয়েছে।