লক্ষ্মীপুরে ‘নিহত’ যুবলীগের নেতা গাজীপুরে আটক
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন আবদুল মান্নান (৩৮)। তাঁকে ‘হত্যা’ করা হয়েছে দাবি করে গত বছরের ১১ এপ্রিল কমলনগর থানায় হত্যা মামলা করেন তাঁর স্ত্রী বিবি ফাতেমা। মামলায় আসামি করা হয় কমলনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সাইফুল্লাহসহ নয়জনকে। এ ঘটনার পর মান্নানের ‘অসহায়’ পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এক লাখ টাকা অনুদানও দেওয়া হয়।যুবলীগের ‘নিহত’ ওই নেতাকে গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে আটক করেছে লক্ষ্মীপুর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।ডিবির উপপরিদর্শক (এসআই) বশিরুল আলম জানান, ডিবির পরিদর্শক আবদুল অহিদের নেতৃত্বে আবদুল মান্নানকে শ্রীপুরের মাওনায় তাঁর চাচা শ্বশুর শফিকুল ইসলামের বাসা থেকে আটক করা হয়। ওই বাসায় মান্নানের স্ত্রী বিবি ফাতেমাও ছিলেন। ফাতেমাকে আজ বুধবার লক্ষ্মীপুরের ডিবি কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।এসআই বশিরুল জানান, গতকাল মঙ্গলবার বিকেলে মান্নানকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে নিরাপত্তা হেফাজতে পাঠান। একই সঙ্গে তাঁর বক্তব্য রেকর্ড করার আবেদন করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ১ এপ্রিল রাতে কমলনগরের মতিরহাট বাজার থেকে বাড়িতে ফেরার পথে মান্নান নিখোঁজ হন। এ ঘটনায় বিএনপির নেতা মো. সাইফুল্লাহ জড়িত উল্লেখ করে ৬ এপ্রিল কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ফাতেমা। তিন দিন পর ৯ এপ্রিল মেঘনা নদীর কটরিয়া ঘাট এলাকা থেকে একটি গলিত লাশ উদ্ধার করা হয়। ফাতেমা লাশটি তাঁর স্বামীর বলে দাবি করেন। পরে লাশটির ময়নাতদন্ত শেষে মান্নানদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহে আলম জানান, লাশ উদ্ধারের পর ফাতেমা তাঁর দায়ের করা মামলার এজাহারে দাবি করেছিলেন, গত বছরের মার্চ মাসে মৎস্যজীবী পুনর্বাসনের চাল নিয়ে অনিয়মের প্রতিবাদ করায় মো. সাইফুল্লাহর সঙ্গে তাঁর স্বামী আবদুল মান্নানের বাগিবতণ্ডা হয়। এর জের ধরে ৩০ মার্চ সাইফুল্লাহর লোকজন তাঁদের বাড়িতে ভাঙচুর চালায় এবং তাঁর স্বামীকে হত্যার হুমকি দেয়। পরে সাইফুল্লাহর লোকজন তাঁর স্বামীকে ধরে নির্যাতন করে হত্যা করে এবং লাশ মেঘনা নদীতে ফেলে দেয়।পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় চর কালকিনি ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরীসহ ১১ জনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়। মামলাটিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে গত বছরের এপ্রিল মাসেই ডিবিতে স্থানান্তর করা হয়।স্থানীয় এলাকাবাসী জানান, যুবলীগের নেতা আবদুল মান্নান হত্যার প্রতিবাদে ওই সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন জেলা সদরসহ রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।মান্নান ‘হত্যা’ মামলার প্রধান আসামি বিএনপির নেতা সাইফুল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়রানি করতে তাঁকে ওই বানোয়াট মামলায় জড়ানো হয়। ওই মামলায় জামিন বাতিল হয়ে তিনিসহ অভিযুক্ত অন্য ব্যক্তিরা ১০ দিন হাজতবাসও করেছেন। পরে হাইকোর্ট থেকে তাঁরা জামিন পান।সাইফুল্লাহ জানান, তিন-চার মাস আগে মান্নানের স্ত্রী ফাতেমা চর কালকিনির ঘরবাড়ি বিক্রি করে গা-ঢাকা দেন। এতে তাঁদের সন্দেহ হয়। সেই সূত্র ধরে তাঁরা ফাতেমার অবস্থান জানার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা নিশ্চিত হন, ফাতেমা তাঁর স্বামী মান্নানকে নিয়ে মাওনায় চাচার বাড়িতে বাস করছেন। এরপর তাঁরা বিষয়টি ডিবি পুলিশকে জানান।এ ব্যাপারে ডিবির এসআই বশিরুল জানান, মান্নান বেঁচে আছে, জানতে পেরে তাঁরা কয়েক দফা অভিযান চালিয়ে শ্রীপুর থেকে তাঁকে আটক করেছেন। এর বেশি কিছু জানাতে তিনি অস্বীকার করেন।মান্নানের স্ত্রী ও ‘হত্যা’ মামলার বাদী বিবি ফাতেমার বক্তব্যও পাওয়া যায়নি। মামলার সাক্ষী ও আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সাইফুল্লাহ যে রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলেছেন, তা ঠিক নয়। মান্নান সাইফুল্লাহর প্রতিবেশী। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল এবং তা নিয়ে উভয়ের মধ্যে একাধিক মামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মান্নানের পরিবার পরিকল্পিতভাবে সাইফুল্লাহকে হয়রানির জন্য মামলা করতে পারে।’মামলার সাক্ষী হওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের নেতা বলেন, ‘ফাতেমা তাঁর স্বামীর লাশ শনাক্ত করেন। তা ছাড়া মান্নান যুবলীগের রাজনীতিও করেন। এই সূত্র ধরে তাঁর পরিবারের কথা বিশ্বাস করে সাক্ষী হয়েছি এবং ঘটনার প্রতিবাদে আমরা মিছিল, মানববন্ধনও করেছি।’মান্নানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুবলীগ: উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল বাসেত গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘সংগঠনের দায়িত্বশীল পদে থাকা অবস্থায় আবদুল মান্নানের নিহত হওয়ার সংবাদে আমরা সাংগঠনিকভাবে ঘটনাটির প্রতিবাদ করি। তবে এখন যেহেতু বিষয়টি স্পষ্ট হয়েছে যে তিনি প্রতারণা করেছেন, সুতরাং এ অবস্থায় তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।’