লক্ষ্মীপুরে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
লক্ষ্মীপুর সদর উপজেলার ধন্যপুর গ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দিদারুল আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার পর এ ঘটনা ঘটে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দাবি, দিদারুল সন্ত্রাসী দিদার বাহিনীর প্রধান। তবে দিদারুলের স্ত্রীর ভাষ্য, তাঁর স্বামীকে র্যাব পরিচয়ে কয়েকজন বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর হাসপাতালে তাঁর লাশ পাওয়া যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দিদার নিহত হয়েছেন। তাঁর বিরুদ্ধে খুন, ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য, ধন্যপুর গ্রামের এতিমখানা মাদ্রাসার পাশে দিদারুল আলম দিদার রাত দুইটার দিকে ৮-১০ জনকে নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে র্যাব সেখানে গেলে ডাকাতরা র্যাবের ওপর গুলি ছোড়ে। এ সময় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দিদার নিহত হন।
র্যাবের সদস্যরা ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি, চারটি কার্তুজ ও চারটি গুলির খোসা উদ্ধার করে।
নিহত দিদারুল আলমের স্ত্রী মমতাজ বেগমের ভাষ্য, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার আলাইয়ারপুর গ্রাম থেকে র্যাব পরিচয় দিয়ে তাঁর স্বামী দিদারকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় কয়েকজন। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে তাঁর স্বামীর লাশ পাওয়া যায়।
স্থানীয় সূত্রের ভাষ্য, দিদার দুই বছর আগে সৌদি আরব থেকে এসে এলাকায় ২০-২৫ জনের সন্ত্রাসী নিয়ে একটি বাহিনী গড়ে তোলেন। এ বাহিনীর প্রধান ছিলেন দিদারুল আলম ওরফে নাইমুর রহমান দিদার। এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, খুন ও অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাঁরা।
এ ঘটনায় র্যাব-১১-এর ডিএডি মাহফুজুল ইসলাম লক্ষ্মীপুর থানায় আজ বৃহস্পতিবার সকালে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা করেন।
মামলার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রাজিব কর জানান, ময়নাতদন্তের জন্য দিদারের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।