লক্ষ্মীপুরে 'বন্দুকযুদ্ধে' যুবদল ও যুবলীগের দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের একজন সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক কিরণ হোসেন এবং অপরজন চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের কর্মী মাইদুল ইসলাম রুবেল। সদর উপজেলার বালাইশপুর গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
কিরণ সদর উপজেলার জাহানাবাদ গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। আর রুবেল একই উপজেলার বসুদৌহিদা গ্রামের আইনজীবী রুহুল আমিনের ছেলে। পুলিশ বলছে, রুবেল ও কিরণ স্থানীয় দুটি সন্ত্রাসী বাহিনীর সদস্য। তবে দল ও পরিবারের দাবি, তাঁরা সন্ত্রাসী নন। পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর তাঁদের গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পাওয়া গেছে।
পুলিশ দাবি করেছে, ঘটনাস্থল থেকে একটি এলজি ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, যুবদলের নেতা কিরণকে শুক্রবার দুপুরে সদর উপজেলার জাহানাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন একই উপজেলার চন্দ্রগঞ্জ বাজার থেকে পুলিশ গ্রেপ্তার করে রুবেলকে। এরপর রাত সাড়ে ১০টার দিকে দুজনকে নিয়ে বালাইশপুর গ্রামে অস্ত্র উদ্ধার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। তখন পুলিশও পাল্টা ২৫টি গুলি ছোড়ে। এই ‘বন্দুকযুদ্ধের’ সময় কিরণ ও রুবেল গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, দুজনকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে লাদেন বাহিনীর সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে।
তবে সন্ত্রাসী বাহিনীর সঙ্গে কিরণের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি মো. রেজাউল করিম। তিনি জানান, কিরণ সদর উপজেলা যুবদলেরও সদস্য। তাঁকে শুক্রবার দুপুরে বাড়ি থেকে ধরে চোখ বেঁধে নিয়ে যায় পুলিশ। পরে গুলিবিদ্ধ অবস্থায় কিরণকে হাসপাতালে পাওয়া যায়। এ বিষয়ে তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে রুবেলেরও সন্ত্রাসী বাহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে তাঁর দল ও পরিবার। চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. ইব্রাহিম বলেন, রুবেল দীর্ঘদিন ধরে ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতি করতেন। বর্তমানে তিনি যুবলীগের সঙ্গে জড়িত। আর রুবেলের ভাই মাইদুল ইসলাম বলেন, রুবেলকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজার থেকে আটক করে পুলিশ। পরে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পাওয়া যায় তাঁকে।