লক্ষ্মীপুরে 'বন্দুকযুদ্ধে' 'দিদার বাহিনী'র প্রধান নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্বাঞ্চলের দিদার বাহিনীর প্রধান দিদারুল আলম (৩৫) গত বুধবার রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তিনি সদর উপজেলা যুবদলের সদস্য ছিলেন।
এ ঘটনায় র্যাব-১১-এর ডিএডি মাহফুজুল ইসলাম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেন।
এ নিয়ে গত ১২ দিনে দেশের বিভিন্ন স্থানে ‘বন্দুকযুদ্ধ’, ‘গুলিবিনিময়’ বা গুলিবিদ্ধ হয়ে ১০ জন নিহত হলেন। এর মধ্যে ছয়জন নিহত হন পুলিশ, র্যাব বা যৌথ বাহিনীর অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ বা ‘গুলিবিনিময়ে’। অপর চারজনের লাশ পাওয়া গেছে গুলিবিদ্ধ অবস্থায়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, লক্ষ্মীপুর সদর উপজেলার ধন্যপুর গ্রামের এতিমখানা মাদ্রাসার পাশে বুধবার দিবাগত রাত দুইটার দিকে ৮-১০ জনের একটি দল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন দিদারুল। খবর পেয়ে র্যাব সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতের দল র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় বন্দুকযুদ্ধে দিদারুল আহত হন। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি, চারটি কার্তুজ ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
সদর উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের সফিউল্যা ফরায়েজির ছেলে দিদারুল। তাঁর স্ত্রী মমতাজ বেগম জানান, পার্শ্ববর্তী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে মঙ্গলবার রাতে র্যাব পরিচয়ে তাঁর স্বামীকে তুলে নিয়ে যায় ৮-১০ জনের একটি দল। পরে গতকাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে তাঁর লাশ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দিদারুল দুই বছর আগে সৌদি আরব থেকে দেশে এসে এলাকায় ২০-২৫ জন সন্ত্রাসী নিয়ে একটি বাহিনী গড়ে তোলেন। এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, খুন, অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি।
সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রাজিব কর জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, দিদারুলের বিরুদ্ধে খুন, ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
দিদারুলের সদর উপজেলা যুবদলের সদস্য থাকার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মান্নান।