লক্ষ্মীপুরের আদালতে নিয়োগ বাতিলের আদেশ
লক্ষ্মীপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে বিভিন্ন শূন্য পদে ১০ জনের নিয়োগ বাতিলের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান। গত রোববার তিনি স্বতঃপ্রণোদিত হয়ে ওই আদেশ দেন। এর আগে ওই বিচারক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার কথা উল্লেখ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন পুলিশ সুপারকে। কিন্তু পুলিশ সুপার কোনো ব্যবস্থা নেননি এবং নিয়োগ কমিটি ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়েই পরীক্ষা নেয়। অভিযোগ ওঠে, একটি চক্র আর্থিক সুবিধার বিনিময়ে পছন্দের প্রার্থীদের কাছে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে। এ নিয়ে প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। আদালত সূত্র জানায়, এক বছরের মধ্যে জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, স্টেনোটাইপিস্ট, গাড়িচালকসহ ১০টি শূন্য পদে লোক নিয়োগ করার কথা ছিল। কিন্তু ওই সময়ের অনেক পর ৮-৯ জুন শূন্যপদগুলোতে নিয়োগ পরীক্ষা হয়। জেলা ও দায়রা জজের নাজির সারওয়ার আলম বলেন, রোববার জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান তাঁর আদেশে বলেছেন, বাছাই পরীক্ষার ফলাফল এবং বিভিন্ন কারণে বিশ্বাস ও আস্থার সংকট তৈরি হওয়ায় পরীক্ষার ফলাফল বাতিল করা হলো। এদিকে নিয়োগ বাতিলের খবর পেয়ে নিয়োগবঞ্চিত অনেক সাধারণ প্রার্থী আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করেছেন।