লক্ষ্মীপুরের এডিসি ও ইউএনওকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

লক্ষ্মীপুরে সাবেক এক সিভিল সার্জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনার বিষয়ে ব্যাখ্যা জানাতে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম (লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা) নুরুজ্জামানকে তলব করেছেন হাইকোর্ট।

১৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় নিজেদের অবস্থান জানাতে ওই দুই কর্মকর্তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। সেদিন সাবেক সিভিল সার্জন সালাহ উদ্দিন শরীফকেও আদালতে থাকতে বলা হয়েছে।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।

‘এডিসির সঙ্গে বাগ্‌বিতণ্ডা, ভ্রাম্যমাণ আদালত চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড দিলেন’ শিরোনামে আজ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে ভ্রাম্যমাণ আদালতের ওই কার্যক্রমের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী রিটটি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান এম এস আজীম। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা এ সময় উপস্থিত ছিলেন।

পরে আইনজীবী হাসান এম এস আজীম প্রথম আলোকে বলেন, রুলে ব্যক্তিগত আক্রোশের জেরে নির্বাহী হাকিম কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের অপব্যবহার কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আইনসচিব, জনপ্রশাসনসচিব, স্বরাষ্ট্রসচিব, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। তিনি বলেন, ওই সিভিল সার্জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ভিত্তি কী, সে বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে ওই দুই কর্মকর্তাকে ১৩ ডিসেম্বর হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকাশিত ওই প্রতিবেদনের ভাষ্য, সাবেক এক সিভিল সার্জনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে সিভিল সার্জনের বাগ্‌বিতণ্ডার পর ওই সাজা দেওয়া হয়। গতকাল ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শহরের কাকলি কিন্ডারগার্টেনে অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম এবং লক্ষ্মীপুর জেলার সাবেক সিভিল সার্জন সালাহ উদ্দিন শরীফ তর্কে লিপ্ত হন। সকালে দুজনই তাঁদের সন্তানদের ওই কিন্ডারগার্টেন থেকে আনতে গিয়েছিলেন। বিদ্যালয়টির সরু গেট দিয়ে কে আগে ঢুকবে—এ নিয়ে তাঁদের তর্কের শুরু হয়। এর একপর্যায়ে তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে লক্ষ্মীপুর সদরের নির্বাহী হাকিম নুরুজ্জামানের নেতৃত্বে ডেপুটি কমিশনারের কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সালাহ উদ্দিন শরীফকে সাজা দেন। পুলিশ তাঁকে জেলে পাঠায়।