লক্ষ্মীপুরের চার সড়কে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে অভ্যন্তরীণ চার রুটে গতকাল রোববার থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। জেলা বাস মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দিয়েছে। যানবাহনে চাঁদাবাজি বন্ধ, লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক মহাসড়ক পুনঃসংস্কারের দাবি এবং বাসে অগ্নিসংযোগ ও বেপরোয়াভাবে সিএনজিচালিত অটোরিকশা চালানোর প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।শনিবার বিকেলে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সাধরঘর এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্র নিহত হয়। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা যাত্রীবাহী ওই বাসটি পুড়িয়ে দেয়। প্রতিবাদে লক্ষ্মীপুর-নোয়াখালী রুটে বাস ধর্মঘট চলছে। একই সঙ্গে সংস্কারের দাবিতে লক্ষ্মীপুর-রামগতি সড়কে ধর্মঘট চলছে। এ ছাড়া বিভিন্ন দাবিতে লক্ষ্মীপুর-রায়পুর, লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।এসব দাবির বিষয় নিয়ে গতকাল দুপুরে জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে জরুরি সভা হয়। জেলা পরিবহন মালিক সমিতির সহসভাপতি নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে এ সভা হয়।জেলা পরিবহন মালিক সমিতির সহসভাপতি নুরুন্নবী চৌধুরী বলেন, সভায় সমস্যা সমাধানের ব্যাপারে সিদ্ধান্ত না হওয়ায় ওই পাঁচ রুটে বাস ধর্মঘট বলবৎ রাখা হয়েছে।জেলা বাস মালিক সমিতির সভাপতি খায়রুল এনাম বলেন, ‘সড়ক মেরামত ও পরিবহনে চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে আমরা এর আগেও ধর্মঘট করেছি। লক্ষ্মীপুরের পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তখন ধর্মঘট প্রত্যাহার হলেও এখন পর্যন্ত এসব সমস্যার সমাধান হয়নি। লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল হোসেন বলেন, ‘রাস্তায় অব্যবস্থাপনাসহ বিভিন্ন দাবিতে লোকাল বাসের মালিকেরা ধর্মঘট করছে। আমরা আলাপ-আলোচনা করে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের চেষ্টা করছি।’