লক্ষ্মীপুরের জেলেদের মুখে হাসি ফুটিয়েছে ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে মেঘনা নদীতে এবার জেলে নৌকায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। এতে মুখে হাসি ফুটেছে জেলে, মৎস্য ব্যবসায়ী, আড়তদারদের। বাজারে ইলিশের দাম নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারাও।
গতকাল শনিবার লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীরহাট ও কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটে গিয়ে দেখা যায়, ইলিশ কেনাবেচায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। মাছের আড়তগুলোতে পাইকারি বিক্রেতাদের ভিড়। কয়েকজন আড়তদার দাবি করেন, গত ২০ বছরেও এত মাছ ধরা পড়েনি।
মতিরহাট ঘাটের আড়তদার ওমর ফারুক বলেন, গত শুক্রবার ৫০ লাখ টাকার ইলিশ মাছ বিক্রি করা হয়েছে। বড় আকারের এক হালি (প্রায় ৫ কেজি) ইলিশ বিক্রি হয়েছে ৪ হাজার টাকায়। মাঝারি আকারের এক হালি (প্রায় ৩ কেজি) ইলিশ ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকা এবং ছোট আকারের এক হালি (প্রায় পৌনে ২ কেজি) ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
মতিরহাট মাছঘাটের আড়তদার আবদুল খালেক বলেন, মতিরহাট বাজারে ৩৪ জন আড়তদার রয়েছেন। প্রতিদিন জেলার এ ঘাটে প্রায় কোটি টাকার লেনদেন হচ্ছে।
নৌকার মাঝি আমজাদ হোসেন বলেন, তাঁর নৌকায় ১২ জন জেলে আছেন। শনিবার (গতকাল) সকালে বড় ও মাঝারি আকারের ২৫ হালি ইলিশ তিনি ১৫ হাজার টাকায় বিক্রি করেছেন।
জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বলেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর মেঘনায় প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। সস্তায় বিক্রি হওয়ায় সাধারণ মানুষ এবার ইলিশ মাছ কিনতে পারছেন। তিনি বলেন, মতিরহাট বাজারে একটি আধুনিক মৎস্য অবতরণ ও সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হলে মৎস্যজীবীরা উপকৃত হবেন এবং সরকারও আর্থিকভাবে লাভবান হবে।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহ বলেন, মেঘনায় মা ইলিশ ও জাটকা সংরক্ষণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করায় এবার ইলিশের উৎপাদন আগের বছরগুলোর তুলনায় অনেক বেড়েছে। এতে জেলেরা লাভবান হচ্ছেন।