লক্ষ্মীপুরের তিন সরকারি বিদ্যালয়ে শিক্ষকসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চবিদ্যালয়ে দুই বছর ধরে ইংরেজি এবং লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ভূগোল ও জীববিজ্ঞান বিষয়ে নয় মাস ধরে শিক্ষক নেই। আর লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়ে ইংরেজি ও গণিত বিষয়ে পর্যাপ্ত শিক্ষক নেই।
শুধু ওই চারটি বিষয়ই নয়, এই তিনটি বিদ্যালয়ে সহকারী শিক্ষকসহ ৪২টি পদ শূন্য আছে। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চবিদ্যালয় থেকে জানা গেছে, এখানে ১৫টি পদের মধ্যে প্রধান শিক্ষকসহ ছয়টি পদ শূন্য। প্রধান শিক্ষকের পদটি গত পাঁচ বছর ধরে শূন্য থাকায় সহকারী প্রধান শিক্ষক দিয়ে চলছে এ স্কুলের প্রশাসনিক কার্যক্রম। বিদ্যালয়ের কার্যালয় থেকে জানা গেছে, ইংরেজি শিক্ষকের দুটি পদ চলতি বছরের শুরু থেকে শূন্য রয়েছে। বাংলা ও গণিতে দুটি করে পদ থাকলেও এখন একজন করে আছেন। ব্যবসায় পরিচিতি বিষয়ের একটি পদ থাকলেও সেটি শূন্য। এখানে ৩৮২ জন শিক্ষার্থী আছে।
দশম শ্রেণির ছাত্রী তানিয়া আক্তার, আরিফ ও ইউছুফ হোসেন জানায়, দীর্ঘদিন ধরে ইংরেজি ও গণিতের শিক্ষক নেই। সমাজবিজ্ঞান ও বাংলার শিক্ষক দিয়ে এসব ক্লাস নেওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলরাম চন্দ্র দেবনাথ জানান, শিক্ষকসংকটের বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরকে অনেকবার জানানো হয়েছে। এখন শিক্ষকেরা কষ্ট করে অনেকগুলো ক্লাস চালিয়ে নিচ্ছেন। শুরুর পর থেকে এখানে অফিস সহকারীর কোনো পদ নেই। অফিস সহকারীর কাজও করতে হয় শিক্ষকদের।
লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কার্যালয় থেকে জানা গেছে, এখানে ৫২টি পদের মধ্যে সহকারী প্রধান শিক্ষকসহ ১৪টি পদ শূন্য রয়েছে। ভূগোলের শিক্ষক এনায়েত উল্যা মিয়া ও জীববিজ্ঞানের শিক্ষক ফরিদা ইয়াছমিন নয় মাস ধরে অনুপস্থিত রয়েছেন। ইংরেজির আটটি পদের মধ্যে তিনটি, বাংলায় আটটি পদের মধ্যে দুটি, গণিতের ছয়টি পদের মধ্যে দুটি, ভৌতবিজ্ঞানের চারটি পদের মধ্যে একটি, সামাজিক বিজ্ঞানের ছয়টি পদের মধ্যে তিনটি, জীববিজ্ঞানের চারটি পদের মধ্যে দুটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এখানে এক হাজার ২৯০ জন ছাত্রী আছে।
প্রধান শিক্ষক রণজিৎ কুমার পাল জানান, শিক্ষকসংকটের বিষয় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছেন।
লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকের ৫৫টি পদের মধ্যে ইংরেজি, গণিতসহ ২২টি পদই শূন্য রয়েছে। এখানে এক হাজার ২৫৭ জন লেখাপড়া করে। প্রধান শিক্ষক মাহফুজুর রহমান ভূঁইয়া জানান, শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়ছে। শূন্যপদগুলো পূরণ হলে এ চাপ আর থাকবে না।
মাউশির কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক মনোয়ারা বেগম জানান, শিক্ষকসংকটের বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।