‘র্যাব-ডিবি পরিচয়ে বাসা থেকে নিয়ে যাওয়া হয়’
লক্ষ্মীপুরের বিএনপি নেতাকে চট্টগ্রাম থেকে তুলে নিয়ে গেছে
লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির (পূর্ব) সাংগঠনিক সম্পাদক, হাজির পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর ফারুককে ডিবি ও র্যাব সদস্য পরিচয় দিয়ে চট্টগ্রামে এক আত্মীয়ের বাসা থেকে তুলে নিয়ে গেছে। গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সমেঞ্চলনে ওমর ফারুকের পরিবারের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার অভিযোগ করেন, বুধবার (গতকাল) ভোর রাত চারটার দিকে পতেঙ্গার কাটগড় এলাকায় তাঁদের এক আত্মীয়ের বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত আটজন সদস্য বাসায় ঢুকে ফারুককে ধরে নিয়ে যায়। পরে তাঁকে র্যাব-৭-এর একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। দুপুর পর্যন্ত চট্টগ্রাম ও লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে ফারুকের কোনো খোঁজ পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে ওমর ফারুকের বোন পারভীন আক্তার বলেন, বুধবার ভোররাতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁর ভাইকে ওই আত্মীয়ের বাসা থেকে ধরে নিয়ে যায় সাদা পোশাকধারী ব্যক্তিরা। বাসার সামনে র্যাব-৭-এর একটি গাড়িতে তুলে তাঁকে নিয়ে যাওয়া হয়। তিনি আরও জানান, তাঁর ভাইয়ের বিরুদ্ধে দুটি মামলা থাকলেও তিনি জামিনে আছেন। সংবাদ সম্মেলনে ওমর ফারুককে জীবিত ফেরত পেতে সরকারের কাছে দাবি জানানো হয়।
অভিযোগের ব্যাপারে র্যাব-৭-এর পরিচালক কর্নেল মিজবাহ আহমেদ জানান, ওমর ফারুক নামে কাউকে তাঁরা আটক কিংবা গ্রেপ্তার করেনি। পতেঙ্গা ও লক্ষ্মীপুর তাঁদের আওতাধীন নয়।
লক্ষ্মীপুর সদর থানার ওসি ইকবাল হোসেন জানান, ওমর ফারুক নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি জানেন না।