লক্ষ্মীপুরের ব্যবসায়ী ১১ দিন পর উদ্ধার সোনারগাঁয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ১১ দিন পর লক্ষ্মীপুরের ব্যবসায়ী মোহন হোসেনকে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার লাদুরচর গ্রাম থেকে গতকাল সোমবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও অপহূত ব্যবসায়ীর বাবা শহিদুল্লাহ মিয়া জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার সেনগঞ্জ গ্রামের বাসিন্দা মোহন হোসেন স্থানীয় রায়পুর বাজারের হার্ডওয়্যার সামগ্রীর ব্যবসায়ী। ৭ ফেব্রুয়ারি তাঁকে বাড়ি ডেকে নিয়ে যান একই এলাকার এলাকার সোহেল মিয়া আলমগীর, জলিল ও কামাল হোসেন। এ ঘটনার পরদিন মোহন হোসেনের বাবা লক্ষ্মীপুর থানায় মামলা করেন।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক জানান, অপহরণকারীরা ব্যবসায়ী মোহনের বাবার কাছে মুঠোফোনে মুক্তিপণের জন্য তিন লাখ টাকা দাবি করেন। পরে গোয়েন্দা পুলিশের একটি দল মুক্তিপণের টাকা নিয়ে সোনারগাঁ উপজেলার লাদুরচর গ্রামে নোয়াগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেনের বাড়ি থেকে মোহনকে উদ্ধার করেন। এ সময় আনোয়ার হোসেনের স্ত্রী রাহিমা বেগম ও ভায়রা কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসআই আবদুল হক জানান, গ্রেপ্তার দুজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।