লক্ষ্মীপুরের মেঘনায় আইন অমান্য করে চলছে ইলিশ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টায় ৪৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া এ সময় পাঁচ হাজার মিটার কারেন্ট জালও উদ্ধার করা হয়। জেলা মৎস্য অফিস সূত্র জানায়, ইলিশের এই প্রজনন মৌসুমে ৬ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মেঘনা নদী থেকে এ মাছ আহরণ, পরিবহন ও বাজারজাত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু আইন অমান্য করেই নদীতে চলছে ইলিশ ধরার উৎসব। গতকাল মঙ্গলবার সকালে কমলনগর উপজেলার মতিহাট এলাকা থেকে ইলিশ ধরার সময় কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করেছেন। আদালতের বিচারক এনডিসি মো. শাহজাহান আলী তাঁদের প্রত্যেককে তিন থেকে ছয় মাসের কারাদণ্ড দেন। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়। এ ছাড়া গত সোমবার বিকেলেও ভ্রাম্যমাণ আদালত রামগতির হাট এলাকা থেকে ৩৩ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। জেলা মৎস্য কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, ‘দিনরাত পরিশ্রম করেও ইলিশ রক্ষা অভিযানে সফল হতে পারছি না।’ তিনি জানান, জনশক্তির অপ্রতুলতা, অর্থ ও যানবাহন-সংকটে মৎস্য বিভাগ ঠিকমতো কাজ করতে পারছে না। ৮-১০ জন কর্মকর্তা দিয়ে যানবাহন ছাড়া প্রায় শত কিলোমিটার দীর্ঘ মেঘনা নদী এলাকায় মাছ নিধন বন্ধ করা খুবই কঠিন। এদিকে, নাম প্রকাশ না করার শর্তে এক জেলে জানান, পেটের তাগিদে তাঁরা ইলিশ শিকার চালিয়ে যাচ্ছেন। এ সময় মাছগুলো ডিমে ভরা থাকায় ভালো দাম পাওয়া যায়। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের ভয়ে তাঁরা মাছগুলো নিয়ে সরাসরি ঘাটে না উঠে অন্যদিক দিয়ে পাচার করতে বাধ্য হচ্ছেন। এতে ইলিশের ন্যায্যমূল্যও পাচ্ছেন না তারা। লক্ষ্মীপুর জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমান জানান, জনসচেতনতা বৃদ্ধি ও মৎস্য বিভাগের তৎপরতা বাড়ানোর মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব।