লক্ষ্মীপুরের মেয়র তাহেরের সম্পদ অনুসন্ধানে দুদক
লক্ষ্মীপুরের কথিত গডফাদার পৌর মেয়র আবু তাহেরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে আসা অভিযোগ অনুসন্ধানের জন্য আজ রোববার অনুসন্ধানকারী ও তদারককারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ।
দুদক সূত্র জানায়, আবু তাহেরের বিরুদ্ধে তথ্যসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এলে সংস্থার বাছাই কমিটি তা প্রাথমিকভাবে যাচাই করে অনুসন্ধানের পক্ষে মত দেয়। পরে এ অভিযোগ যাচাই–বাছাই করে অনুসন্ধানের অনুমোদন দেয় বিদায়ী কমিশন। ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় আজ দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীকে তদারককারী কর্মকর্তা এবং উপপরিচালক জাহাঙ্গীর আলমকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
দুদকে আসা অভিযোগে উল্লেখ করা হয়েছে, লক্ষ্মীপুরের মেয়র আবু তাহেরের নামে-বেনামে যে সম্পদ রয়েছে, তা তাঁর আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। অভিযোগে তাঁর বাড়ি, প্লট-জমি এবং নামে-বেনামে বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগেও লক্ষ্মীপুরের বিতর্কিত এ রাজনৈতিক নেতার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করেছিল দুদক। পরে সেটা নথিভুক্তির মাধ্যমে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।