লক্ষ্মীপুরের যুবদল নেতাকে রাজধানী থেকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল ইসলাম সোলায়মানকে বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরার জয়নাল মার্কেট এলাকা থেকে অস্ত্রের মুখে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন লোক তাঁকে নিয়ে গেছে বলে দাবি করেছে তাঁর পরিবার। গতকাল শুক্রবার দুপুরে তাঁর স্ত্রী বাদী হয়ে উত্তরা থানায় একটি জিডি করেন।
সোলায়মান লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিযনের সৈয়দপুর গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে।
সোলায়মানের স্ত্রী সালমা ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১১টায় রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের চিকিৎসক মিজানের চেম্বারে চিকিৎসা শেষে রিকশাযোগে যাওয়ার সময় জয়নাল মার্কেট এলাকায় পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আট-নয়জনের সাদা পোশাকধারী লোক সোলায়মানকে মারধর করে অস্ত্রের মুখে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। এরপর উত্তরা র্যাব-১ ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে যোগাযোগ করে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁকে জীবিত উদ্ধারের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি বুধবার ভোরে বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুককে চট্টগ্রামের পতেঙ্গা কাঠঘর এলাকার মাজার রোডের আফসার বিল্ডিং থেকে র্যাব পরিচয়ে তুলে নেয় বলে জানান তাঁর স্ত্রী পারভীন বেগম।
এ ছাড়া যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েলের বাবা নুরুল ইসলাম জানান, প্রায় তিন মাস অতিবাহিত হলেও তাঁর ছেলের কোনো সন্ধান পাননি। অন্যদিকে, সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন যুবদলের নেতা বেল্লাল হোসেনকে গত ১৫ ডিসেম্বর র্যাব পরিচয়ে তুলে নেওয়া হয়। তাঁরও কোনো খোঁজ পাওয়া যায়নি।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আবুল খায়ের ভূঁইয়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, যুবদল নেতা ইকবাল মাহামুদ, সোলায়মানসহ নিখোঁজ নেতাদের সন্ধান দাবি করেছেন। তাঁরা প্রথম আলোকে বলেন, ‘যদি সত্যিকার অর্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে নিয়ে যায়, তাহলে অনতিবিলম্বে তাঁদের মুক্তি দাবি করছি।’