লক্ষ্মীপুরের রহমতখালী খাল প্রভাবশালীদের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর শহরের ওপর দিয়ে প্রবহমান দুই শতাধিক বছরের প্রাচীন রহমতখালী খাল এখন প্রভাবশালীদের দখলে। অবৈধ স্থাপনা ও পৌরসভা এলাকার মলমূত্রসহ বিভিন্ন বর্জ্যে এই খালের পানি দূষিত হয়ে পড়েছে। এতে গোসল ও ব্যবহার করে খালপাড়ের লোকজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, একসময় রহমতখালী খাল দিয়ে লক্ষ্মীপুর শহর থেকে চাঁদপুর, চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে এখানকার উত্পাদিত ধান, পাট, নারকেল, সুপারি রপ্তানি করা হতো। এ ছাড়া লক্ষ্মীপুর শহরসহ বিভিন্ন হাটবাজারের আড়তদারদের জন্য বড় সাম্পান নৌকা দিয়ে মালামাল আনা হতো। এখনো এই খালের মাদামঘাট, স্নানঘাট, তেরবেকীঘাটসহ বিভিন্ন এলাকায় মানুষ গোসল এবং এর পানি দৈনন্দিন কাজে ব্যবহার করে। কিন্তু কাঁচা টয়লেটের সংযোগ ও শহরের বিভিন্ন বর্জ্য খালে ফেলায় এর পানি পুরোপুরি দূষিত হয়ে পড়েছে। গেঞ্জীহাটায় পৌরসভার গণশৌচাগারের সংযোগ খালটিকে দূষিত করছে সবচেয়ে বেশি। অভিযোগ রয়েছে, জেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক খাল দখল করে তিনতলা ভবন নির্মাণ করেছেন। এ ছাড়া বিভিন্ন সময়ে শহরের রহমতখালীর দুই পাড়ে অসংখ্য দোকানঘর খালের ওপরে নির্মাণ করা হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন ঐতিহ্যবাহী খালটি সংস্কার ও ব্যবহার-উপযোগী করার জন্য মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল হুদা খাল দখলের অভিযোগ অস্বীকার করেছেন। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. দেলোয়ার হোসেন জানান, রহমতখালীর অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পানি ও পরিবেশ দূষণ বন্ধে জেলাবাসীর সঙ্গে তিনি একমত। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জানান, রহমতখালীতে অবৈধভাবে নির্মিত স্থাপনার তালিকা জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।