লক্ষ্মীপুরের লাহারকান্দিতে সড়ক ও কালভার্ট নির্মাণে অনিয়ম
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভুলুয়া রাস্তা সংস্কারকাজ ও দুটি কালভার্ট নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসীর প্রতিরোধের মুখে সংশ্লিষ্টকাজের ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি লাহারকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভুলুয়া দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণ ও রাস্তার ওপর দুটি কালভার্ট স্থাপনের জন্য জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় দরপত্র আহ্বান করে। কাজটি মেসার্স কে আর এন্টারপ্রাইজ পায়। এর প্রাক্কলন ব্যয় ধরা হয় ৪৯ লাখ টাকা।ঠিকাদার মো. কিরণ সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণে দুর্নীতির আশ্রয় নিলে এলাকাবাসী প্রতিবাদ জানান এবং নিম্নমানের উপকরণ দিয়ে কাজ না করার নির্দেশ দেন। কিন্তু ঠিকাদার উপজেলা প্রকৌশলীর যোগসাজশে রাতের আঁধারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা-কালভাট নির্মাণ করতে থাকেন। পরে এলাকাবাসীর তোপের মুখে নির্মাণ-শ্রমিকেরা কাজ বন্ধ রেখে চলে আসেন। সরেজমিনে গেলে স্থানীয় মো. আলমগীর হোসেন, মো. খোকন, তছলিম, আবদুর রহমানসহ আরও অনেকে বলেন, ‘বালুয়া সড়ক নির্মাণে ঠিকাদার ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করার কারণে আমরা প্রতিবাদ জানাই এবং নিম্নমানের উপকরণ দেওয়ায় কালভার্টের কাজ বন্ধ করে দিই। এতে করে ঠিকাদার আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে শ্রমিক নিয়ে চলে যায়।’ অভিযোগের ব্যাপারে ঠিকাদার মো. কিরণ বলেন, ‘বিল না পাওয়ায় কাজ বন্ধ রেখেছি। কাজের নিম্নমানের ব্যাপারে যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয়। সম্প্রতি স্থানীয় জনগণ কালভার্টটি ভরাট করেছে বলে শুনেছি।’লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘অনিয়মের অভিযোগ শুনে ঘটনাস্থলে গিয়েছি; এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে নিম্নমানের উপকরণ সরিয়ে পুনরায় কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’