লক্ষ্মীপুরের সংসদ সদস্যপ্রার্থীর গাড়িতে আগুন

দশম সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলামের প্রাইভেটকার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে দুর্বৃত্তদের ছোড়া ইটপাটকেলে আহত হন প্রার্থী ও তাঁর গাড়ির চালক। এ অবস্থায় তাঁরা সেখান থেকে পালিয়ে প্রাণে বেঁচে যান।
গতকাল সোমবার রাত ১০টায় চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকায়। তিনি লক্ষ্মীপুর-১ আসন থেকে এবারের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন।
গতকাল তাঁর চাঁদপুর থেকে লঞ্চে ঢাকায় আসার পরিকল্পনা ছিল। এজন্য তিনি রামগঞ্জ থেকে চাঁদপুরে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে গাড়ি নিয়ে ঘোষেরহাট এলাকা অতিক্রম করার সময় একদল দুর্বৃত্ত সফিকুল ইসলামের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা সফিকুল ইসলামকে গাড়ি থেকে নামিয়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তের ছোড়া ইটপাটকেলের আঘাতে সফিকুল ইসলামসহ দুজন আহত হন।
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।