লক্ষ্মীপুরের সিভিল সার্জন করোনায় সংক্রমিত
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গফফার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা ৬০৯। গতকাল সোমবার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন বলেন, সিভিল সার্জন আবদুল গফফার তিন দিন ধরে অসুস্থ। তাঁকে গতকাল ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার পাঁচটি উপজেলায় গত আড়াই মাসে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬০৯। এর মধ্যে সদর উপজেলার ২৯৬, রায়পুরের ৬৪, রামগঞ্জের ১০৯, কমলনগরের ৮৮ ও রামগতির ৫২ জন রয়েছেন। জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৫ জন। এর মধ্যে নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় লক্ষ্মীপুর জেলার তিনটি পৌরসভা ও ১২টি ইউনিয়নকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় ১৬ জুন থেকে লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে, যা ৩০ জুন রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।