লক্ষ্মীপূজা উদ্যাপিত
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা উদ্যাপিত হয়েছে গতকাল সোমবার। শারদীয় দুর্গাপূজার পর প্রথম পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা লক্ষ্মীপূজা করেন। এই পূজা কোজাগরী লক্ষ্মীপূজা নামেও পরিচিত।সনাতন ধর্মমতে, দেবী দুর্গার কন্যা লক্ষ্মী ধনসম্পদ, ঐশ্বর্য, উন্নতি ও সৌভাগ্যের দেবী। হিন্দুধর্মাবলম্বীরা ধনসম্পদ ও উন্নতির আশায় নিয়মিত লক্ষ্মী দেবীর পূজা করলেও কোজাগরী পূর্ণিমা তিথিতে একযোগে এ পূজা করা হয়। গতকাল রাজধানীসহ সারা দেশে হিন্দুধর্মাবলম্বীরা এ পূজা করেছেন। পূজা-অর্চনার পাশাপাশি এর অন্যতম অনুষঙ্গ হিসেবে বাড়ির আঙিনায় লক্ষ্মীর পায়ের ছাপের আলপনা আঁকা হয়।পঞ্জিকা অনুসারে গত রোববার রাত ১১টায় পূর্ণিমা তিথি শুরু হয়। গতকাল রাত ১২টায় পূর্ণিমা ছেড়েছে। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি পূজা হয়েছে গতকাল সন্ধ্যায়। ঢাকেশ্বরী মন্দিরসহ রাজধানীর বিভিন্ন মন্দির এবং শাঁখারীবাজার, তাঁতীবাজার, ফরাশগঞ্জ, সূত্রাপুর, রায়েরবাজার, ওয়ারী, গোপীবাগ, স্বামীবাগসহ বিভিন্ন এলাকায় পারিবারিকভাবেও এই পূজার আয়োজন করা হয়।মহানগর পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি বলেন, ঢাকেশ্বরী মন্দিরে সন্ধ্যা সাতটায় লক্ষ্মীপূজা শুরু হয়। চলে রাত নয়টা পর্যন্ত।