লক্ষ্মীপ্যঁাচার চার ছানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল গোল চোখে চেয়ে আছে তারা। হলদে আভার ছোট্ট চেহারা বেশ মায়াকাড়া। ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে সালন্দর এলাকায় সালন্দর ফিড মিলের একটি পাইপে জন্মেছিল লক্ষ্মীপ্যাঁচার চারটি ছানা। কিন্তু কারখানার এক কর্মচারী তাদের মাকে মেরে ফেলে। মাতৃহীন ওই বাচ্চাগুলো পরে উদ্ধার করেন জেলার বোদা উপজেলার পাখি পর্যবেক্ষক ও বন্য প্রাণী আলোকচিত্রী ফিরোজ আল সাবা।
গত ২৬ ডিসেম্বর সকালে উদ্ধার করা সেই ছানাগুলো এখন বোদা পৌরসভার সাতখামার এলাকায় ফিরোজ আল সাবার বাড়িতে আছে। ২৫ দিন বয়সী ছানাগুলোকে বাসা তৈরি করে দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছে। নিয়মিত খাবার হিসেবে ছোট মাছ আর মুরগির মাংস দেওয়া হচ্ছে। সুস্থ হলে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে রাজশাহী বন্য প্রাণী সংরক্ষণ ও প্রকৃতি ব্যবস্থাপনা বিভাগের মাধ্যমে তাদের অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
দিনের বেলা প্যাঁচাগুলো চুপচাপ থাকলেও রাতে তাদের মধ্যে একটু ছটফটে ভাব দেখা যায় বলে জানান ফিরোজ আল সাবা। অত্যন্ত নিরীহ ও লাজুক প্রকৃতির পাখি এই প্যাঁচা দিনের বেলা ভয়ে লুকিয়ে থাকে আর রাতে ঘুরে বেড়ায়। তিন বছর ধরে ফিরোজ আল সাবা পাখিদের নিয়ে কাজ করছেন। প্রায় দেড় বছর ছবি তোলার জন্য লক্ষ্মীপ্যাঁচা খুঁজছেন। কিন্তু এভাবে বাড়ির কাছে পেয়ে যাবেন, তা ভাবেননি।