লক্ষ্মীপ্যাঁচার মায়ায় কিছুক্ষণ
নিশাচর লক্ষ্মীপ্যাঁচাটি আটকা পড়েছিল বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে। দিনের বেলা দেখতে না পাওয়ায় ঘাপটি মেরে বসেছিল এক কোণে। ওই লক্ষ্মীপ্যাঁচাটিকে গতকাল মঙ্গলবার উদ্ধার করে একটি জঙ্গলে অবমুক্ত করা হয়।
উদ্ধারে ছিলেন সিলেট নগরের নর্থ ইস্ট ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।
নর্থ ইস্ট ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল হাই বলেন, ‘বিজয় দিবসের জন্য টানা দুদিন বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এ সুযোগে লক্ষ্মীপ্যাঁচাটি শ্রেণীকক্ষে এসে আটকা পড়ে। নিরাপত্তাকর্মী নূরে আলম সিদ্দিকী সকাল নয়টার দিকে শ্রেণীকক্ষ খুলতে গিয়ে পেঁচাটি দেখতে পেয়ে বিষয়টি আমাদের জানান। সেখান থেকে সেটাকে তাড়িয়ে দিলে হয়তো লোকালয়ে গিয়ে বিপাকে পড়তে হতো। তাই দুপুর ১২টার দিকে আমরা শিক্ষক-কর্মকর্তারা মিলে বিশ্ববিদ্যালয়ের পাশের তালতলা এলাকার জঙ্গলে লক্ষ্মীপ্যাঁচাটিকে অবমুক্ত করে দিই।’
নিশাচর স্বভাবের লক্ষ্মীপ্যাঁচা দিনের বেলা চোখে দেখতে পারে না বলে যেখানে-সেখানে এভাবে ঘাপটি মেরে বসে থাকে বলে জানান পাখি বিশেষজ্ঞ শরীফ খান। তিনি বলেন, এ সময়টা হচ্ছে লক্ষ্মীপ্যাঁচার নতুন প্রজন্মের বিচরণের সময়। কিন্তু পুরোপুরি দক্ষ হতে পারে না। তাই রাত পোহালেই স্বভাবতই চোখে দেখতে না পারায় অনেকে পথ হারিয়ে লোকালয়ে আশ্রয় নেয়। তখন অনেকে না বুঝে তাদের পিটিয়ে মেরে ফেলে।
শরীফ খান বলেন, লক্ষ্মীপ্যাঁচার বিচরণে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতো সচেতনতা প্রয়োজন। তা না হলে লক্ষ্মীপ্যাঁচাও হয়তো একদিন বিপন্ন হয়ে ক্রমে হারিয়ে যাবে।