লক্ষ্মীপ্যাঁচার মুক্তি, আশ্রয়ে মেছো বাঘের বাচ্চা
তিন-চার দিন আটক থাকার পর লক্ষ্মীপ্যাঁচাটি খাঁচার বন্ধন থেকে মুক্তি পেল। অপরদিকে জনসাধারণের হাতে আটক মেছো বাঘের তিনটি বাচ্চা পেয়েছে নিরাপদ আশ্রয়।
বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ গতকাল বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপ্যাঁচাটিকে মৌলভীবাজারের বর্ষিজুরা ইকোপার্কে অবমুক্ত এবং মেছো বাঘের বাচ্চা তিনটিকে তাদের হেফাজতে রেখে পরিচর্যার ব্যবস্থা করেছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সিলেট বিভাগীয় কার্যালয় (মৌলভীবাজারে অবস্থিত) সূত্রে জানা গেছে, বুধবার সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুরে তিনটি মেছো বাঘের বাচ্চা আটক করে স্থানীয় লোকজন। কাদিপুরে ফুলকাছ মিয়ার মৎস্য খামারের কাছে নির্মাণাধীন একটি পাকা দালানের পাশের ফাঁকা গর্তে মেছো বাঘের বাচ্চাগুলো পাওয়া যায়। লোকজন বাচ্চা তিনটিকে কোনো প্রকার আঘাত না করে নিরাপদে রেখে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দেয়। বুধবার বিকেলে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে বাচ্চা তিনটি উদ্ধার করে। সেই সময় বিশ্বনাথ পুরাণ বাজার এলাকার সোহেল মিয়ার কাছ থেকে আটক একটি লক্ষ্মীপ্যাঁচা উদ্ধার করা হয়। তিন-চার দিন আগে এই লক্ষ্মীপ্যাঁচাটি আটক করা হয়েছিল।
বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের রেঞ্জার মো. ইমাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘লক্ষ্মীপ্যাঁচাটি অবমুক্ত করা হয়েছে। মেছো বাঘের বাচ্চাগুলো খুব ছোট। এগুলোকে পরিচর্যা দিয়ে উপযুক্ত হলে ছাড়া হবে।’