লক্ষ্মীরানী আজ থেকে ভাতা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া গ্রামের অশীতিপর বৃদ্ধা লক্ষ্মীরানী আজ বুধবার থেকে ভাতা পাবেন। গত সোমবার বিকেলে তাঁর নাম সরকারি ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা গেছে, লক্ষ্মীরানীর বয়স ৯৩ বছর হয়ে যাওয়ার পরও তিনি বয়স্ক ভাতা পাননি। এ নিয়ে সোমবার প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের নির্দেশে সোমবার বিকেলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বিষয়টি তদন্ত করার জন্য আরামবাড়িয়ায় যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঈশ্বরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল কাদের।
ইউএনও জানান, বয়স্ক ভাতার জন্য এ বছর বরাদ্দ ফুরিয়ে যাওয়ায় লক্ষ্মীরানীকে একই আর্থিক সুবিধায় বিধবা ভাতা দেওয়া হবে।