লক্ষ্য অপহরণ রোধ অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড গঠন করেছে ডিএমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অপহরণ প্রতিরোধে অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড নামের একটি বিশেষ দল গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপি কমিশনারের মুখপাত্র ও যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, অপহরণ রোধ ও অপহরণে জড়িত আসামিদের গ্রেপ্তারে এই স্কোয়াড কাজ করবে। এ ছাড়া জামিনে ছাড়া পাওয়া আসামিদেরও নজরদারিতে রাখবে। এই স্কোয়াডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ২৪ ঘণ্টা হটলাইন চালু থাকবে। হটলাইনের নম্বর ০১৭১৩৩৯৮৩২৭।
যুগ্ম কমিশনার বলেন, অপহরণকারীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে এই স্কোয়াডের কাছে তা জানাতে বলা হয়েছে। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেনের (এডিসি-ডিবি) নেতৃত্বাধীন এই স্কোয়াডের সদস্যসংখ্যা ৪০।