লক্ষ্য অর্জনে দরকার সমন্বিত পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর কার্যালয়ে গোলটেবিল বৈঠকে বক্তব্য দিচ্ছেন মীর নাসির হোসেন (ডানে) ও শুভাশীষ বসু l ছবি: প্রথম আলো
প্রথম আলোর কার্যালয়ে গোলটেবিল বৈঠকে বক্তব্য দিচ্ছেন মীর নাসির হোসেন (ডানে) ও শুভাশীষ বসু l ছবি: প্রথম আলো

২০২১ সালের মধ্যে ছয় হাজার কোটি ডলারের রপ্তানির লক্ষ্য অর্জন করতে হলে রপ্তানি খাতের জন্য সমন্বিত পরিকল্পনা দরকার। রপ্তানি বাড়াতে সরকারের দিক থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। তবে সেগুলো অধিকাংশই খাতভিত্তিক ও বিচ্ছিন্নভাবে। সব রপ্তানি খাত সরকারের কাছ থেকে সমভাবে আর্থিক সুবিধা পাচ্ছে না।

দেশের রপ্তানিকারক ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা রপ্তানি বাড়াতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ‘স্বাধীনতা পদক’ দেওয়া যায় কি না, তা ভেবে দেখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান আলোচকেরা।

‘রপ্তানির পথে বাধা ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব প্রসঙ্গ তুলে ধরা হয়। প্রথম আলো ও ক্রাউন সিমেন্টের উদ্যোগে গতকাল শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ গোলটেবিল অনুষ্ঠিত হয়। গোলটেবিল সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, রপ্তানির জন্য সরকার নগদ সহায়তাসহ বিভিন্ন খাতে আর্থিক যেসব প্রণোদনা দিয়ে থাকে, তা সব খাতে সমভাবে দেওয়া হয় না। এ কারণে রপ্তানিপণ্যের বহুমুখীকরণ হচ্ছে না। শিল্পায়নের জন্য নিরবচ্ছিন্ন, মানসম্মত ও যৌক্তিক মূল্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন এ শিল্প উদ্যোক্তা।

মীর নাসির হোসেন বলেন, দেশে বিভিন্ন ধরনের শিল্প খাতে মধ্যম সারির দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে। এ কারণে রপ্তানি আয়ের ১০ থেকে ১২ শতাংশ বিদেশ থেকে আসা মধ্যম সারির কর্মকর্তাদের পেছনে খরচ হয়ে যাচ্ছে।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, দেশের রপ্তানি আয়ের ৮২ শতাংশই পোশাকশিল্প খাত থেকে আসে। পোশাকের ওপর এই নির্ভরতা খুবই বিপজ্জনক। তবে ব্যাংকের উচ্চ সুদ হারের কারণে নতুন শিল্পকারখানা গড়ে উঠছে না। শিল্পায়নে আরেক বাধা হচ্ছে অবকাঠামো।

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজিএমইএর সভাপতি। তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দরে একটি পণ্য এলে সেটি পেতে ৭ থেকে ১০ দিন সময় লাগে। রপ্তানি আয় যখন ৫০০ থেকে ৭০০ কোটি ডলার ছিল, তখন বন্দরের যে সক্ষমতা ছিল, এখনো তা-ই রয়েছে। দীর্ঘদিন ধরেই শুনে আসছি, বন্দরের সক্ষমতা বাড়াতে যন্ত্রপাতি কেনা হচ্ছে।’

২০২১ সালের মধ্যে রপ্তানি আয় ছয় হাজার কোটি ডলারে নিয়ে যেতে হলে সরকারের নীতিসহায়তা দরকার বলে মত দেন বিজিএমইএর সভাপতি। তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে পোশাক রপ্তানিতে বাংলাদেশকে ছাড়িয়ে যেতে ভারত সরকার বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে। পোশাক রপ্তানিতে বর্তমানে ভারতই বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউটিও) সেলের মহাপরিচালক শুভাশীষ বসু বলেন, বাংলাদেশের রপ্তানি আয়ের ৯২ শতাংশই আসে মাত্র ছয়টি পণ্য থেকে। আবার পণ্যের বাজারও সীমাবদ্ধ কয়েকটি দেশের মধ্যে। এটি অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। তাই প্রয়োজন এখন রপ্তানিপণ্য ও বাজার সম্প্রসারণ করা। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও আশিয়ানভুক্ত অনেক দেশের পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

শুভাশীষ বসু বলেন, তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ শক্তিশালী অবস্থান গড়ে তুললেও এখনো বিদেশে বাংলাদেশি পোশাকের নিজস্ব কোনো ব্র্যান্ড গড়ে ওঠেনি। ফলে দাম নিয়ে ক্রেতাদের সঙ্গে দর-কষাকষির সুযোগ কম। তিনি বলেন, ‘যদি বিশ্বে নিজস্ব ব্র্যান্ড গড়ে তোলা যেত, তাহলে দাম নিয়ে দর-কষাকষির সুযোগ আমাদের হাতে থাকত।’

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, ‘গত দুই দশকে দেশের অর্থনীতির চেহারাই পাল্টে দিয়েছে পোশাকশিল্প। তবে খাতটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা আছে। সুষ্ঠু পরিকল্পনা করতে পারলেই আমরা এগিয়ে যাব।’ তিনি বলেন, ২০২১ সালের মধ্যে পাঁচ হাজার কোটি ডলারের পোশাক রপ্তানি আয় অর্জন করতে হলে পাঁচ বছরে পোশাক রপ্তানি দ্বিগুণ করতে হবে। তবে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তেমন কোনো পরিকল্পনা করা হয়নি। সরকার সহযোগিতা করছে বিক্ষিপ্তভাবে। যখন যেটা দরকার হচ্ছে সেটি দিচ্ছে।

শিল্পে বিনিয়োগ বাড়াতে হলে অবকাঠামো উন্নয়নে সমন্বিত পরিকল্পনা দরকার বলে মনে করেন ফজলুল হক। তিনি বলেন, সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগ নিয়েছে। তবে সেগুলো কবে বাস্তবায়িত হবে, সেটি কেউ বলতে পারছে না।

ক্রাউন সিমেন্টের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান মোল্লা বলেন, ডলারের বিনিময় মূল্যের স্থিতিশীলতা ধরে রাখায় তাতে অনেক ক্ষেত্রে রপ্তানিকারকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পমালিকেরা। দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও এখনো শিল্পে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হয়নি। এ সময় তিনি মিয়ানমার, ভারতের ত্রিপুরাসহ কয়েকটি অঞ্চলে ক্রাউন সিমেন্টের রপ্তানির চিত্র তুলে ধরেন।

এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, জ্বালানির নিশ্চয়তা ছাড়া শিল্প গড়ে উঠবে না। আর দেশি উদ্যোক্তারা শিল্প স্থাপনে এগিয়ে না এলে বিদেশি বিনিয়োগও বাড়বে না। রপ্তানি বাড়াতে হলে সরকারের নীতি সহায়তা দরকার। সেই সঙ্গে দরকার অবকাঠামোগত সুযোগ-সুবিধা। এ ছাড়া আন্তর্জাতিক, বিশেষ করে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর নীতি পরিবর্তনের সঙ্গে সংগতি রেখে বাংলাদেশেও কিছু কিছু নীতি পরিবর্তনের প্রয়োজন রয়েছে। বড় শিল্পমালিকদের পাশাপাশি ছোট ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য সরকারি প্রণোদনা বাড়ানোর তাগিদ দেন রপ্তানিকারকদের সংগঠনের এই নেতা।

বিকেএমইএর সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, জ্বালানির অপ্রতুলতায় শিল্পের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ ছাড়া রপ্তানি খাতে দেওয়া সরকারের নানা সুবিধা বাস্তবায়নের ক্ষেত্রে এসে নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এসব বাস্তবতায় ২০২১ সালের মধ্যে পোশাক খাত থেকে পাঁচ হাজার কোটি টাকার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হবে।

মোহাম্মদ হাতেম আরও বলেন, রানা প্লাজা ধসের পর গঠিত বিদেশি ক্রেতাদের দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে কাজ করছে। তবে কিছু কিছু ক্ষেত্রে তাদের পদক্ষেপ সমস্যারও সৃষ্টি করছে। তারা এখানকার কারখানার কর্মপরিবেশ আমেরিকার মতো করতে চাচ্ছেন। অথচ পোশাকের দাম বাড়াতে আগ্রহী নন।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা বলেন, সরকার চাইলেই সব সময় সবকিছু করতে পারে না। সরকারের নানা রকম সীমাবদ্ধতা থাকে। তা সত্ত্বেও যেসব খাতে রপ্তানি কমেছে, সেসব খাতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এ সময় তিনি ব্যবসায়ীদের স্বাধীনতা পদক দাবির বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে জানান।

বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সচিব আবদুল বারিক খান বলেন, পাট ও পাটজাত পণ্য রপ্তানির ৮০ শতাংশের বেশি করে বেসরকারি পাটকলগুলো। অথচ সরকারি বরাদ্দ ও সুযোগ-সুবিধা পায় কেবল সরকারি পাটকল। প্রয়োজনীয় সহায়তার অভাবে বেসরকারি পাটকলগুলো ঘুরে দাঁড়াতে পারছে না।

দৈনিক সমকাল-এর বিজনেস এডিটর জাকির হোসেন বলেন, পণ্য রপ্তানিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে বাধা আছে। সেগুলো সমাধানে কাজ হচ্ছে। তবে যেভাবে এগোনো দরকার, সেভাবে হচ্ছে না। তিনি বলেন, চামড়া ও হিমায়িত খাদ্য রপ্তানিতে প্রবৃদ্ধি কমে গেছে। কেন কমে গেছে, সেসব খুঁজে বের করে উত্তরণের উপায় খোঁজা দরকার।