আসন্ন নির্বাচন সামনে রেখে ৩ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার মধ্য দিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। একই সঙ্গে বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় দলীয় শক্তি প্রদর্শন এবং নেতা-কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে জনসভায় বিপুল জনসমাগমের উদ্যোগ নেওয়া হয়েছে।
আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে, জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজন করা হলেও এ জনসভাকে প্রাকিনর্বাচনী মহড়ায় রূপ দেওয়া হবে। এতে বড় জমায়েতের মাধ্যমে দেশবাসীকে এই বার্তা দেওয়া হবে যে আওয়ামী লীগ দুর্বল নয় এবং বিরোধী দলের আন্দোলন মোকাবিলা করে সরকার সুষ্ঠুভাবে নির্বাচন করতে সক্ষম। এতে নির্বাচনের আবহ সৃষ্টি করতে জনসভায় শুধু নৌকা ও নৌকা প্রতীক-সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো দলীয় ও ব্যক্তির ছবি-সংবলিত ব্যানার না আনতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক যৌথ সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
জনসভার প্রস্তুতির লক্ষ্যে স্বয়ং প্রধানমন্ত্রী গতকাল বুধবার তাঁর বাসভবন গণভবনে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠক শেষে এসব সাংসদ ও নেতা কে কত লোক জনসভায় আনবেন, সেই সংখ্যা বেঁধে দেওয়া হয় বলে বৈঠকে অংশগ্রহণকারী একাধিক নেতা জানান।
গণভবনের বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘দুর্বলের সঙ্গে কেউ সন্ধি করে না। আমরা শক্তিশালী হলে সবাই আমাদের সঙ্গে আলোচনা করতে আসবে। আমাদেরও শক্তি সঞ্চয় করতে হবে। লাঠি বা বন্দুকের শক্তি নয়, সমর্থকদের শক্তি। এটাই বাংলাদেশে একমাত্র রাজনৈতিক শক্তি।’ বিপুল মানুষের সমাবেশ ঘটিয়ে এই শক্তি ৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে দেখানোর জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান সৈয়দ আশরাফ।
বৈঠকে অংশগ্রহণকারী একাধিক নেতা জানান, আওয়ামী লীগেরও যে শক্তি আছে, তা প্রদর্শনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। নিজের শক্তি প্রদর্শনের মাধ্যমে মানুষকে আশ্বস্ত করতে চায় যে বিরোধী দল নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগ তা সম্পন্ন করতে সক্ষম। এ ছাড়া বিরোধী দল যাতে হরতাল-অবরোধে ব্যাপক নাশকতা না চালাতে পারে, সে জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয় বৈঠকে।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, প্রধানমন্ত্রী পুনরায় দলীয় নেতাদের কাছে বিরোধী দলের সঙ্গে ফোনালাপের বিষয় তুলে ধরেন। বিরোধীদলীয় নেতার কথায় প্রধানমন্ত্রী যে আহত হয়েছেন, সেটাও দলের নেতাদের বলেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন সংবিধানমতোই হবে। সরকার পরিচালনা যেমন জরুরি, তেমনি বিরোধী দলের আন্দোলন মোকাবিলাও জরুরি। সবাইকে সে ব্যাপারে প্রস্তুত থাকতে হবে।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী অন্য একটা অনুষ্ঠানে ছিলেন। এ সময় একাধিক জেলা নেতা ও সাংসদ বক্তৃতা করেন। তাঁরা সবাই কেন্দ্র থেকে নির্বাচনের বিষয়ে নির্দেশনা চান এবং বিরোধীদলীয় নেতাকে পুনরায় দাওয়াত না দেওয়ার আহ্বান জানান। অনেকে রাজপথে বিরোধী দলকে মোকাবিলার জন্য কেন্দ্রের মতামত জানতে চান।
এদিকে ৩ নভেম্বরের জনসভা সামনে রেখে গতকাল বিকেলে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক যৌথ সভায় দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, মহানগরের প্রতিটি থানা থেকে কমপক্ষে ২০ হাজার নেতা-কর্মী আনতে হবে। এমন সমাবেশ করতে হবে, যেন আগামী ১০০ বছর এত বড় সমাবেশ কেউ না করতে পারে।
এ ছাড়া জনসভা সফল করতে আগামী শুক্রবার আবারও যৌথ সভা এবং আগামী ২ নভেম্বর প্রতিটি থানায় কর্মিসভা করার জন্য নির্দেশনা দেন মেফাজ্জল হোসেন চৌধুরী। তিনি বলেন, যে থানায় কর্মিসভা করা হবে না, সেই থানার কমিটি সঙ্গে সঙ্গে বিলুপ্ত ঘোষণা করা হবে।