লক্ষ্যপূরণে নারীদের 'ডাবল' গোল করতে হয়: সুমনা শারমীন

সাংবাদিকতা এমন একটি পেশা, যাতে একই সঙ্গে ‘প্যাশন’ এবং সৃজনশীলতা থাকতে হয়। কারণ, একজন সাংবাদিককে প্রতিদিন নতুন নতুন খবর তৈরি করতে হয়। সংবাদপত্র হলো সময়ের দড়ি।
প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন আজ বৃহস্পতিবার রাজধানীর ইএমকে সেন্টারে সাংবাদিকতায় নারীদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের জন্য ‘ইএমকে টক ইউথ সুমনা শারমীন’ শিরোনামে আমেরিকান দূতাবাস এ আয়োজনটি করে।
এরপর শিক্ষার্থীদের কাছে সাংবাদিকতার নানান দিক তুলে ধরেন সুমনা শারমীন। সাংবাদিকতা করতে গিয়ে বিভিন্ন তিক্ত ও ভালো লাগার মুহূর্তগুলোর গল্প শোনান।
খন্দকার মোশতাক আহমেদের স্ত্রীর সাক্ষাৎকার নিয়ে অন্য রকম এক অভিজ্ঞতার কথা জানান। মোশতাকের বাসার নিচতলায় বসে টেলিফোনে সাক্ষাৎকার নিয়েছেন একই ভবনের দোতলায় থাকা তাঁর স্ত্রীর। আবার কেউ কেউ সাক্ষাৎকার না দিয়েও ফিরিয়ে দিয়েছেন।
এ রকম নানা ঘটনার উদাহরণ দিয়ে সুমনা বলেন, সাংবাদিকতা গতানুগতিক পেশার মতো নয়; চ্যালেঞ্জিং ও কষ্টকর। এ জন্য প্রথমে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে যে আপনি এই পেশাতেই কাজ করবেন কি না।
সামাজিক কাঠামোর জন্য এই পেশা ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সুমনা শারমীন বলেন, এই পেশার মর্যাদা অনেক। তবে তা অর্জন করতে এবং বজায় রাখতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই।
এরপর তিনি উপস্থিত শিক্ষার্থীদের কাছে জানতে চান তাঁদের মধ্যে কতজন সাংবাদিকতা করবেন। তাঁদের থেকে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার কারণও শোনেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের প্রধান প্রেস কর্মকর্তা মেরিনা ইয়াসমিন অতিথিকে শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, প্রথম আলোর প্রথম দিন থেকেই পত্রিকাটির সঙ্গে যুক্ত আছেন সুমনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে পাস করে কাজ করেছেন ভোরের কাগজ ও আজকের কাগজে। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি লেখালেখিও করতেন।

মেরিনা বলেন, দেশের নারী সাংবাদিকদের কথা বলতে গেলেই সুমনার নাম চলে আসে। তিনি তাঁর কাজের মাধ্যমে সব সময়ই নারীদের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয় বিষয় তুলে ধরেছেন।
অনুষ্ঠানে এক শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমি ছোটবেলা থেকে খেলাধুলার সঙ্গে যুক্ত। আমি স্পোর্টস সাংবাদিক হতে চাই।’
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় সুমনা শারমীন বলেন, ভালো সাংবাদিক হতে হলে পড়াশোনার পাশাপাশি মাঠে কাজ করতে হবে। প্রচুর বই পড়া, সিনেমা দেখা, গান শোনা জরুরি। ‘কমনসেন্স’ খুব গুরুত্বপূর্ণ। এক কথায়, সাংবাদিককে চৌকস হতে হবে।
নারীদের মধ্যে সাংবাদিকতাকে পেশা হিসেবে নেওয়ার হার বাড়ছে উল্লেখ করে সুমনা বলেন, সাংবাদিকতায় নারী-পুরুষের মধ্যকার ‘আইল’ তুলে দেওয়া হয়েছে। এখন এই বিট নারীর কিংবা এই বিট পুরুষের—ভাগ করার দিন শেষ।
তখন অনুষ্ঠানে এক নারী সাংবাদিক জানতে চান, এই পেশাতে নারী কর্মীর সংখ্যা বাড়লেও নেতৃত্বে পিছিয়ে কেন।
উত্তরে সুমনা নিজের জীবনের বেশ কিছু চ্যালেঞ্জ ও ঘটনার কথা উল্লেখ করে বলেন, একই লক্ষ্যপূরণে নির্ধারিত সময়ে নারীদের পুরুষের তুলনায় ‘ডাবল’ গোল করতে হয়।
সাংবাদিকতার জগতে নারীদের আধিপত্য বিস্তারে কাজের মান বাড়ানোর পরামর্শ দেন তিনি। শেষাংশে ছিল প্রশ্নোত্তর পর্বে। অনুষ্ঠানে বেশ কয়েকজন নারী সাংবাদিকও উপস্থিত ছিলেন।