লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার পরিকল্পনা কর্মসূচিকে জোরদার করার বৈশ্বিক প্রতিশ্রুতি বাংলাদেশ রক্ষা করতে পারছে না। ২০১২ সালে লন্ডন পরিবার পরিকল্পনা সম্মেলনে করা প্রতিশ্রুতি রক্ষায় দৃশ্যমান নতুন কোনো উদ্যোগ সরকার নেয়নি। কর্মসূচি চলছে ধীর গতিতে। যেসব লক্ষ্যমাত্রা ঠিক হয়েছিল, তা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। আজই লন্ডনে শুরু হচ্ছে পরিবার পরিকল্পনা সম্মেলন। সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল এখন লন্ডনে আছে। সম্মেলনে পরিবার পরিকল্পনা কর্মকাণ্ডে অর্থায়নে সৃজনশীল সমাধান, জন্মনিয়ন্ত্রণের সামগ্রী দম্পতিদের সহজে পাওয়ার ব্যবস্থা করা, যুব জনগোষ্ঠীকে সমৃদ্ধ করা এবং প্রান্তিক এলাকা ও জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়া—এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

২০১২ সালে লন্ডনে পরিবার পরিকল্পনা শীর্ষ সম্মেলনে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যোগ দিয়েছিল। মূলত বিশ্বের জনবহুল ৩৮টি দেশ এই সম্মেলনে যোগ দেয়। সম্মেলনে বাংলাদেশের দেওয়া প্রতিশ্রুতির মধ্যে ছিল: অস্ত্রোপচারের মাধ্যমে ব্যবহার করতে হয় এমন জন্মনিয়ন্ত্রণের সামগ্রীর বিষয়ে প্রশিক্ষণ; সেবার ক্ষেত্রে শহর-গ্রাম ও ধনী-দরিদ্রের পার্থক্য দূর করা এবং কিশোরীদের উচ্চ গর্ভধারণের হার কমাতে ব্যবস্থা গ্রহণ করা। এ ছাড়া প্রতিবছর পরিবার পরিকল্পনা খাতে কমপক্ষে ৩০০ কোটি টাকা খরচ করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

প্রথম আলোর পর্যালোচনায় দেখা যায়, কিছু প্রতিশ্রুতি রক্ষায় প্রয়োজনীয় কর্মকাণ্ড আগেই জাতীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল। যেমন জনসংখ্যার কিছু সূচকে দেশের অন্যান্য এলাকার চেয়ে পিছিয়ে আছে সিলেট ও চট্টগ্রাম। এই দুই বিভাগে কর্মসূচি জোরদার করার কথা এক যুগ ধরে বলা হচ্ছে। একইভাবে শহরের বস্তিতে সেবা বাড়ানোর কথা বলা হচ্ছে। কিন্তু নতুন, কার্যকর, দৃশ্যমান উদ্যোগ নেই।

এ ব্যাপারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারওয়ার প্রথম আলোকে বলেন, ‘এ বছর জানুয়ারি থেকে শুরু হওয়া পাঁচ বছর মেয়াদি স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত উন্নয়ন কর্মসূচিতে পরিবার পরিকল্পনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে থাকা সিলেট ও চট্টগ্রাম বিভাগের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩৫০ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। আমরা লন্ডন শীর্ষ সম্মেলনে ঠিক করা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।’

ভিন্নমত প্রকাশ করে ইউএনএফপিএর ঢাকা কার্যালয়ের স্বাস্থ্য বিভাগের প্রধান সত্যনারায়নান ডোরেস্বামী প্রথম আলোকে বলেন, ভাবা হচ্ছে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে বাংলাদেশে সব কাজ শেষ হয়ে গেছে। কর্মসূচিতে নতুন বিনিয়োগ করা হচ্ছে না। এই জনসংখ্যা বিশেষজ্ঞ বলেন, ‘এই স্বীকৃতি দেওয়া উচিত যে, পরিবার পরিকল্পনা কর্মসূচি এগিয়ে নেওয়া প্রত্যেকের দায়িত্ব। এই কর্মসূচি পিছিয়ে পড়লে অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে।’

স্বাধীনতার পর প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জনসংখ্যাকে এক নম্বর জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। অনেক অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী এখনো জনসংখ্যাকে এক নম্বর সমস্যা হিসেবে বিবেচনা করেন। দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ২৭ লাখ। প্রতি বর্গকিলোমিটারে ১ হাজার ১০০-এর বেশি মানুষ বাস করে। বাংলাদেশের জনঘনত্ব ভারতের চেয়ে চার গুণ ও চীনের চেয়ে আট গুণ বেশি। একমাত্র নগররাষ্ট্র সিঙ্গাপুর ছাড়া এত বেশি জনঘনত্বের দেশ নেই। দেশে ২৩ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। সর্বশেষ শ্রমশক্তি জরিপ বলছে, দেশে কর্মক্ষম মানুষের মধ্যে বেকার প্রায় ২৬ লাখ। প্রতিবছর বেকারত্ব বাড়ছে। এই পরিস্থিতিতে বছর শেষে মোট জনসংখ্যার সঙ্গে নতুন করে আরও ১৯ লাখ মানুষ যুক্ত হচ্ছে।

লক্ষ্যমাত্রা ও পরিস্থিতি

লন্ডন শীর্ষ সম্মেলনে নেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জন্মনিয়ন্ত্রণের সামগ্রী ব্যবহারের হার (কন্ট্রাসেফটিভ প্রিভেলেন্স রেট—সিপিআর) বাড়ানোর কথা ছিল। ২০১২ সালে সিপিআর ছিল ৬২। অর্থাৎ ৬২ শতাংশ বিবাহিত দম্পতি কোনো না কোনো পদ্ধতি ব্যবহার করতেন। ২০২০ সালের মধ্যে সিপিআর ৭৫ করার লক্ষ্যমাত্রা ঠিক হয়েছিল। কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, গত পাঁচ বছরে সিপিআর ৬২ শতাংশে দাঁড়িয়ে আছে, বাড়ছে না।

পরিবার পরিকল্পনা কর্মসূচির দুর্বলতার কারণে সিপিআর বাড়ছে বলে মনে করেন সত্যনারায়নান ডোরেস্বামী। তিনি বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীদের বড় অংশটির বয়স অনেক বেশি, যে উদ্যমে কাজ করার কথা, তাঁরা সেভাবে কাজ করতে পারছেন না।

লক্ষ্যমাত্রায় বলা হয়েছিল, দীর্ঘমেয়াদি ও স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার ৮ দশমিক ১ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করতে হবে। কিন্তু এ ক্ষেত্রেও অগ্রগতি থেমে আছে। বর্তমানে এই হার ৮ দশমিক ১ শতাংশ।

স্থায়ী পদ্ধতি ব্যবহারে মূল ভূমিকা পালন করেন চিকিৎসকেরা। এ ক্ষেত্রে চাহিদার তুলনায় চিকিৎসক কম। বর্তমানে ১৫২টি চিকিৎসকের পদ শূন্য।

প্রয়োজনের সময় হাতের কাছে জন্মনিয়ন্ত্রণের সামগ্রী থাকা দরকার। কিন্তু দেখা যাচ্ছে, চাহিদা থাকার পরও বিপুলসংখ্যক সক্ষম দম্পতির জন্মনিয়ন্ত্রণের সামগ্রীর চাহিদা পূরণ হয় না। ২০১২ সালে অপূর্ণ চাহিদা ছিল ১২ শতাংশ। ২০২০ সালে তা কমিয়ে ১০ শতাংশ করার লক্ষ্য ঠিক করা হয়েছিল।

এ ক্ষেত্রেও লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা আছে। দেশে বিবাহিত নারীদের একটি বড় অংশের বয়স ১৫ থেকে ১৯ বছরের মধ্যে। এই বয়সী নারীদের মধ্যে অপূর্ণ চাহিদার হার ১৯ শতাংশ। আবার প্রসব-পরবর্তী নারীদের ক্ষেত্রে অপূর্ণ চাহিদার হার ২৮ শতাংশ।

এখন কী করা

ইউএনএফপিএ বলছে, জনঘনত্ব বাংলাদেশের ভূমি, পানিসহ সব ধরনের প্রাকৃতিক সম্পদ এবং অবকাঠামোর ওপর চাপ ফেলে চলেছে। গত পাঁচ বছর মোট প্রজনন হার প্রায় অপরিবর্তিত আছে। এটা অব্যাহত থাকলে ২০৩১ সালে জনসংখ্যা হবে ২০ কোটি। এতে মাথাপিছু জমির পরিমাণ কমবে। এর সঙ্গে জলবায়ুর প্রভাবজনিত সমস্যা যুক্ত হলে জনসংখ্যা তখনো দেশের জন্য বড় সমস্যা হয়েই থাকবে।

২০১২ সালে আন্তর্জাতিক অঙ্গনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সামনে সময় আছে সাড়ে তিন বছর। বাংলাদেশের কী করা উচিত, এমন প্রশ্নের উত্তরে সত্যনারায়নান ডোরেস্বামী বলেন, ‘বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচির অগ্রগতির সুযোগ আছে এবং এর জন্য বিনিয়োগ দরকার—সর্বোচ্চ পর্যায় থেকে এই রাজনৈতিক স্বীকৃতি প্রয়োজন। সেবার মান বৃদ্ধি, কর্মীদের উদ্বুদ্ধ করা, নতুন উপায় উদ্ভাবন জরুরি।’