লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, আখমাড়াই বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখমাড়াই ও চিনি উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার দেড় মাস আগেই নাটোরের লালপুর উপজেলার নর্থবেঙ্গল সুগার মিলে আখমাড়াই বন্ধ হয়ে গেছে। কৃষকেরা আখ সরবরাহ না করায় কর্তৃপক্ষ মিল বন্ধ করতে বাধ্য হয় বলে জানা গেছে। গতকাল বুধবার থেকে এ মিলে আখমাড়াই বন্ধ হয়ে যায়।
নর্থবেঙ্গল সুগার মিল সূত্রে জানা যায়, ১৪৭ কর্মদিবসে ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ২০ হাজার ৬২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে গত ২৮ অক্টোবর মিলটি চলতি মৌসুমের কাজ শুরু করে। এবার চিনি আহরণের হার ধরা হয়েছিল শতকরা ৮.২৫ ভাগ।
কিন্তু মাত্র ৯৬ কার্যদিবসে প্রায় ১ লাখ ৪৪ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে প্রায় ৯ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন শেষে মিলটি বন্ধ ঘোষণা করা হয়। এ বছর চিনি আহরণের হার ছিল ৬ দশমিক ২৭ ভাগ।
নির্ধারিত সময়ের আগে মিল বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে আখচাষিরা বলেন, মিলে আখের মূল্য মাড়াইকলের মূল্যের চেয়ে কম হওয়ায় কৃষকেরা মাড়াইকলে আখ বিক্রিতে উৎসাহিত হয়েছেন। সেই সঙ্গে মিল বন্ধ ঘোষণা করতে হয়েছে।
এ বিষয়ে নর্থবেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবদুল আজিজ বলেন, বাজারে গুড়ের দাম বেশি থাকায় একশ্রেণির অসাধু ব্যক্তি বাড়িতে অবৈধ মাড়াইকল বসিয়ে আখ মাড়াই করছে, ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি।