লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে আমনের উৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামে আমন ধান কাটছেন কৃষকেরা  প্রথম আলো
লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামে আমন ধান কাটছেন কৃষকেরা প্রথম আলো

লোহাগাড়া উপজেলায় এবার আমন ধানের ভালো ফলন হয়েছে। ইতিমধ্যে কৃষকদের মাঝে শুরু হয়েছে পাকা ধান ঘরে তোলার ব্যস্ততা। উপজেলায় এবার আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন স্থানীয় কৃষি কার্যালয় ও কৃষকেরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, লোহাগাড়ায় কৃষক পরিবারের সংখ্যা প্রায় ৩৩ হাজার। মোট কৃষি জমি রয়েছে ১২ হাজার হেক্টর। এর মধ্যে এবার ১০ হাজার ৯০০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এতে ২৯ হাজার ৫০০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে এবার উৎপাদন এক হাজার মেট্রিক টন বেড়ে ৩০ হাজার ৫০০ মেট্রিক টনে উন্নীত হবে। গত বছর ১১ হাজার ১৫০ হেক্টর জমিতে আমন উৎপাদন হয়েছিল ২৯ হাজার মেট্রিক টন।
পদুয়া ইউনিয়নের কৃষক সিরাজুল ইসলাম জানান, তিনি এবার এক একর জমিতে আমনের চাষ করেছেন। এতে গত বারের তুলনায় ১১-১২ মন ধান বেশি উৎপাদন হওয়ার সম্ভাবনা। গত আমন মৌসুমে তাঁর ধান উৎপাদন হয়েছিল কানিতে (৪০ শতক) ১৫ মন। এবার তা বেড়ে ১৮-২০ মন হবে বলে তিনি আশা করছেন।
চরম্বা ইউনিয়নের কৃষক মোহাম্মদ শেখ জানান, কৃষি কার্যালয়ের মাঠ পর্যায়ের কর্মীদের পরামর্শ, কৃষকদের সরকারি সহযোগিতা এবং অনুকূল আবহাওয়ার কারণে এবার ফলন ভালো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘উন্নত বীজ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর ব্যাপারে আমাদের কর্মীরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়েছেন। মাঠপর্যায়ে তদারকিও করেছেন তাঁরা। ফলে এবার আমনের বাম্পার ফলন হয়েছে।’
লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বলেন, সরকার সঠিক সময়ে কৃষি উপকরণ ও ন্যায্য মূল্যে সার বিতরণ করায় কৃষকেরা উপকৃত ও উৎসাহিত হয়েছেন। এ ধরনের সহযোগিতা বজায় থাকলে ভবিষ্যতে উৎপাদন আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেন।