তথ্য সাক্ষরতা, জাতিসংঘ কী এবং এইডস কীভাবে ছড়ায়—এসব তথ্য আগে জানা ছিল না হবিগঞ্জ পইল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ইয়াসমিন ফারজানার। দুই দিনের প্রশিক্ষণে তার পক্ষে এসব জানা সম্ভব হয়েছে। এখন সে সহপাঠীদেরও এ বিষয়ে জানাতে পারবে।শুধু ফারজানাই নয়, একই স্কুলের ৩০ জন শিক্ষার্থীকে গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার দুই দিনব্যাপী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রশিক্ষণ দিয়েছে জাতিসংঘ তথ্যকেন্দ্র (ইউনিক) ঢাকা এবং সেন্টার ফর ইনফরমেশন স্টাডিজ-বাংলাদেশ (সিস-বি)।কর্মশালার মূল উদ্দেশ্য তথ্যের তাত্ত্বিক ও ব্যবহারিক উ ৎসগুলো সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান দেওয়া, যাতে সঠিক তথ্য ও উপাত্তের ভিত্তিতে তারা আহরিত জ্ঞান ও প্রজ্ঞা কাজে লাগিয়ে জীবনব্যাপী শিক্ষার ভিত রচনা করতে পারে।কর্মশালার শুরুতে জাতিসংঘ সাক্ষরতার অংশ হিসেবে তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আলী রেজা সংগঠনের কার্যাবলি ব্যাখ্যা করে আটটি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের ওপর বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্য ও উদ্দেশ্য, জাতিসংঘ কী, কতটি দেশ নিয়ে তা গঠিত, বাংলাদেশ জাতিসংঘে সংঘবদ্ধ হয় কোন সালে—এ রকম নানা বিষয় তুলে ধরেন এবং নানা প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন।তথ্য সাক্ষরতার অংশ হিসেবে তথ্যের উ ৎস ও তথ্য কীভাবে জ্ঞান ও প্রজ্ঞায় রূপান্তর লাভ করে, সে বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে বিস্তারিত আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সিস-বির গবেষণা পরিচালক মু. মেজবাহ-উল-ইসলাম এবং জাতিসংঘ তথ্যকেন্দ্রের নলেজ ম্যানেজমেন্ট অফিসার মো. মনিরুজ্জামান। তাঁদের সহায়তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র মোহাম্মদ বুরহান উদ্দিন ও এ কে এম নুরুল আলম।প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থী রোজিনা আক্তার বলে, ‘এ প্রশিক্ষণ আমার চোখ খুলে দিয়েছে। পাঠ্যপুস্তকের বাইরে এ ধরনের প্রশিক্ষণ প্রতিটি স্কুলেই হওয়া উচিত বলে আমি মনে করি।’কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আহমদুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফায়েত মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. শামসুল হক।সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা গঠনে তথ্যসম্পদ কাজে লাগানোর এখনই উপযুক্ত সময়। সময়ানুবর্তিতা ও সত্যবাদিতা সাফল্যের অপরিহার্য অনুষঙ্গ। এ লক্ষ্য নিয়েই সবাইকে সামনে এগিয়ে যাওয়া উচিত।প্রশিক্ষণের সমাপনী দিনে গতকাল ৩০ প্রশিক্ষণার্থীর মধ্যে তথ্যবিষয়ক শিক্ষাসামগ্রী ও সনদ বিতরণ করেন কাজী আলী রেজা।