বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাক্ষরতা জরিপ-২০১০ বলছে, দেশে সাক্ষরতার হার ৫৯ দশমিক ৮২ শতাংশ। সংখ্যার দিক দিয়ে ১১ থেকে ৪৫ বছর বয়সী পৌনে চার কোটি মানুষ এখনো নিরক্ষর। আর গতকাল রোববার মন্ত্রণালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশে সাক্ষরতার হার ৬৫ শতাংশ, নিরক্ষর মানুষের সংখ্যা প্রায় আড়াই কোটি।
এই অনষ্ঠানেই প্রাথমিক ও গণশিক্ষাসচিব কাজী আখতার হোসেন জানান, দেশে সাক্ষরতার হার ৭০ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে। অথচ গত বছর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী আফছারুল আমীন বলেছিলেন, সাক্ষরতার হার ৭১ শতাংশ। সাক্ষরতা নিয়ে কাজ করেন বেসরকারি পর্যায়ের এমন ব্যক্তিদের মতে, দেশে সাক্ষরতার হার ৫৭ থেকে ৫৮ শতাংশের মতো।
অথচ সরকারের লক্ষ্যমাত্রা হলো ২০১৪ সালের মধ্যে দেশকে নিরক্ষরতামুক্ত করা। ২০১৪ সালের মাত্র চার মাস এখন বাকি। নিরক্ষরতা দূরীকরণে কাজ করা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তারাই বলছেন, চলতি বছরে এই লক্ষ্যমাত্রা কোনোভাবেই পূরণ সম্ভব নয়। কবে নিরক্ষরমুক্ত বাংলাদেশ করা যাবে, সেটাও তাঁরা স্পষ্ট করে বলতে পারছেন না।
সাক্ষরতা নিয়ে লক্ষ্যমাত্রা থেকে এমন দূরে অবস্থান করে আজ ৮ সেপ্টেম্বর সারা বিশ্বের মতো বাংলাদেশও পালন করছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংজ্ঞা অনুযায়ী যে ব্যক্তি লিখতে, পড়তে, বুঝতে ও গুনতে পারবেন, তাঁকে সাক্ষরজ্ঞানসম্পন্ন বলা হয়।
২০১৪ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যের বিষয়ে জানতে চাইলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক জহির উদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘লক্ষ্য থাকলেও এ জন্য যে অনুষঙ্গ দরকার ছিল, সেটা হয়তো আমরা পারিনি। তবে নিরক্ষতা দূরীকরণে “মৌলিক সাক্ষরতা” শীর্ষক ৪৫২ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, এর মাধ্যমে নিরক্ষতা দূরীকরণে অনেক দূর অগ্রসর হওয়া যাবে।’
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধূরী গতকাল প্রথম আলোকে বলেন, তাঁদের হিসাবে সাক্ষরতার হার বিবিএসের কাছাকাছি—৫৭ থেকে ৫৮ শতাংশ। এই হার নিয়ে বিভ্রান্তির কারণ হলো তথ্য সংগ্রহের পদ্ধতি। এ ছাড়া সংজ্ঞার কারণেও বিভ্রান্তি হয়। কারণ অনেকেই পড়তে ও লিখতে পারাকেই সাক্ষরজ্ঞান হিসেবে ধরে।
দিবসের কর্মসূচি: দিবসটি উপলক্ষে দেশে আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা, শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে শেখ হাসিনা ১৪টি দেশের প্রতিনিধিদের হাতে ইউনেসকো সাক্ষরতা পুরস্কার দেবেন। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘টেকসই উন্নয়নের মূলকথা সাক্ষরতা আর দক্ষতা’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।