লক্ষ্যমাত্রার চেয়ে নয় কোটি টাকা কম আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট রেলওয়ে বিভাগে ২০১৪-১৫ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৯ কোটি ৫৫ লাখ টাকা কম আয় হয়েছে। এর আগে এই বিভাগ থেকেই ২০১৩-১৪ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩ কোটি টাকা বেশি আয় হয়েছিল।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, ২০১৪-১৫ অর্থবছরে এই বিভাগে আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৯ কোটি ৪৭ লাখ টাকা। অর্জিত হয়েছে ৩৯ কোটি ৯২ লাখ। অথচ ২০১৩-১৪ অর্থবছরে এ বিভাগে আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৫ কোটি টাকা। তখন অর্জিত হয় ৩৮ কোটি এক লাখ।
সূত্রটি আরও জানায়, ২০১৪-১৫ অর্থবছরে নির্ধারিত ছয়টি খাতের মধ্যে পাঁচটিতেই লক্ষ্যমাত্রার চেয়ে কম আয় হয়েছে। শুধু বিদ্যুৎ খাতে লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ লাখ টাকা বেশি আয় হয়। এই খাতে আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৩ লাখ টাকা। অর্জিত হয়েছে ৯৯ লাখ টাকা।
বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) নাজমুল ইসলাম বলেন, বিভাগে কর্মচারী সংকটে বেশ কয়েকটি স্টেশন বন্ধ হয়ে গেছে। ইঞ্জিন, র্যা ক, লোকবল সংকটে বেশ কিছু ট্রেন বাতিল বা সাময়িক বন্ধ করতে হয়েছে। এ রকম নানা কারণেই ২০১৪-১৫ অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে। তিনি আরও বলেন, ২০১৩-১৪ সময়কালে দেশের সার্বিক পরিস্থিতির কারণে মালামাল পরিবহন ও যাত্রী যাতায়াতের ক্ষেত্রে সড়কপথের চেয়ে রেলপথের ওপর নির্ভরতা বাড়ায় ওই অর্থবছরে রেল খাতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয় হয়েছিল।