খাদ্যে উদ্বৃত্ত শেরপুর জেলায় চলতি বোরো মৌসুমে সরকারি গুদামে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শেরপুরে বোরো মৌসুমে ছয় শতাধিক চালকলের মালিকের মধ্যে মাত্র ১৯২ জন চুক্তিবদ্ধ হয়েছেন। এবার চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩০ হাজার ১০১ মেট্রিক টন। কিন্তু চুক্তি অনুযায়ী চালকলের মালিকেরা মাত্র ৬ হাজার ৮৪৮ মেট্রিক টন চাল দেবেন। ওই পরিমাণ লক্ষ্যমাত্রার সিকি ভাগেরও কম।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শেরপুর জেলার সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা থেকে ৩০ হাজার ১০১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ১৫ মে শেরপুরে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়। ৩১ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। দুই দফা সময় বাড়িয়ে জেলার ছয় শতাধিক চালকলের মধ্যে মাত্র ১৯২টি চালকলের মালিক সরকারের সঙ্গে চাল দিতে চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তি অনুযায়ী এসব চালকলের মালিক গুদামে ৬ হাজার ৮৪৮ মেট্রিক টন চাল সরবরাহ করবেন। এতে চাল সংগ্রহ লক্ষ্যমাত্রার সিকি ভাগও অর্জিত হবে না। গত মঙ্গলবার পর্যন্ত সংগ্রহ হয়েছে ৪ হাজার ৯০৩ মেট্রিক টন।
জেলা চালকলমালিক সমিতি সূত্রে জানা গেছে, সরকার এ বছর বোরো চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে প্রতি কেজি ৩৪ টাকা। কিন্তু বর্তমানে বাজারে মোটা চালের দাম প্রতি কেজি ৩৮ থেকে ৩৯ টাকা। অর্থাৎ বাজারমূল্যের চেয়ে সরকারের চাল সংগ্রহ মূল্য কম হওয়ায় আর্থিক ক্ষতির কারণে চালকলের মালিকেরা সরকারি গুদামে চাল সরবরাহে উৎসাহ পাচ্ছেন না।
জেলা সদরের ইউনাইটেড চালকলের মালিক তুষার কান্তি সাহা বলেন, নিজ নিজ চালকলের সুনাম ও মর্যাদা রক্ষার জন্য তাঁরা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু এতে লোকসান দিয়ে গুদামে চাল সরবরাহ করতে হচ্ছে। চালের সংগ্রহমূল্য আরও বাড়ানো প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।
জেলা চালকলমালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রওশন মঙ্গলবার বলেন, হাওরে অকাল বন্যা ও বিভিন্ন স্থানে নেকব্লাস্ট রোগের কারণে এবার বোরো ধান উৎপাদন কম হয়েছে। ফলে বাজারে ধানের দাম অনেক বেশি। অপর দিকে সরকার-নির্ধারিত ক্রয়মূল্যের সঙ্গে চাল উৎপাদন খরচের বিস্তর ফারাক হওয়ায় অধিকাংশ চালকলের মালিক সরকারি গুদামে চাল দিতে চুক্তিবদ্ধ হননি। যাঁরা চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরাও লোকসান দিয়ে গুদামে চাল সরবরাহ করছেন।
লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার বিষয়টি স্বীকার করে জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান খান বলেন, বাজারমূল্যের সঙ্গে প্রতি কেজিতে ৩ থেকে ৪ টাকা করে পার্থক্য থাকায় এমনটি হয়েছে। তবে জেলার যেসব চালকলের মালিক চুক্তিবদ্ধ হননি, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী চার মৌসুম (দুই বছর) তাঁরা চুক্তির বাইরে থাকবেন।