লক্ষ্যমাত্রার ১৪ শতাংশ চাল দিতে চুক্তি মিলমালিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চুক্তির মেয়াদ ১১ দিন বাড়িয়েও সরকারি লক্ষ্যমাত্রার মাত্র ১৪ শতাংশ চাল সরবরাহ দিতে মিলের মালিকেরা চুক্তি করেছেন। বোরো মৌসুমে সরকারি চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৩৯৫ মেট্রিক টন। কিন্তু মাত্র ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল সরবরাহের জন্য চুক্তি করেছেন চালকলের মালিকেরা।

প্রথমে চাল সংগ্রহের জন্য চুক্তির মেয়াদ গত ২০ মে পর্যন্ত বেঁধে দেয় সরকার। এতে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল সরবরাহের জন্য চুক্তি করে চালকলের মালিকেরা। পরে চুক্তির মেয়াদ ১১ দিন বাড়িয়ে দিলে মোট ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল সরবরাহের জন্য চুক্তি করেন চালকলের মালিকেরা। এর মধ্যে গত কয়েক দিনে মাত্র ১০০ মেট্রিক টন চাল খাদ্যগুদামে সংগ্রহ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ১৫-১৬ জন চালকলের মালিক বলেন, এবারের সরকারি নির্ধারিত দরের প্রতি কেজি চালের চেয়ে উৎপাদন খরচ পাঁচ টাকা বেশি পড়ে। এতে মিলাররা লাখ লাখ টাকা লোকসান খাবেন। এমনিতেই তিন-চার বছর ধরে চাতাল ব্যবসায়ীরা লোকসান খেয়ে পুঁজি হারিয়েছেন। দেখেশুনে কোনো ব্যবসায়ী নিজের গলায় দড়ি ঝোলাতে চান না। সরকারি বরাদ্দের চাল সরবরাহ না করা হলে লাইসেন্স বাতিল হয়ে যাবে। এমন প্রশ্নের জবাবে তাঁরা বলেন, এর আগেও এক-এগারো (ওয়ান ইলেভেন) তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অনেক চাতাল ব্যবসায়ী লোকসান ঘাড়ে নিয়ে সরকারি ঘরে চাল দিয়েছিলেন। যাঁরা চাল দেননি, তাঁদের মিলের লাইসেন্স বাতিল করার হুমকি দিলেও পরবর্তী সময়ে কোনো ব্যবস্থা নেয়নি সরকার। এবার লাইসেন্স বাতিল করলে করবে, তাতে কিছু আসে-যায় না।’

উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজি আবদুর রাজ্জাক বলেন, ‘সরকারিভাবে ধান সংগ্রহের জন্য প্রতি কেজি ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ধানের দরের সঙ্গে চাল কিনতে হলে প্রতি কেজি ৪০ টাকা নির্ধারণ করতে হতো। আমরা ব্যবসায়ী নেতারা সরকারের সঙ্গে কয়েকবার বৈঠক করেছি। ব্যবসায়ীদের স্বার্থের কথা ভেবে কয়েক দফা দাবি করা হয়েছে। সরকার কোনো কথাই শুনতে চায় না।’

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুণ্ডু বলেন, ‘জেলার সংগ্রহের লক্ষ্যমাত্রার চার ভাগের এক ভাগ এ উপজেলা থেকে সংগ্রহ করা হয়। উপজেলার ১০টি অটো রাইস মিল, ৫২০টি হাসকিং মিলের মধ্যে দুজন অটো রাইস মিলার ও ১০৯ জন হাসকিং মিলার চাল সরবরাহের জন্য চুক্তি করেছেন। প্রতিবছর এ রকম সময়ে খাদ্যগুদামে চাল দেওয়ার মেলা বসত। এবার খাদ্যগুদামে শ্মশানের মতো অবস্থা।’