লঘুচাপ: দক্ষিণে রেকর্ড বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

বঙ্গোপসাগরে লঘুচাপ হিসেবে এর জন্ম। কিন্তু এর সঙ্গে যখন মৌসুমি বায়ু যোগ হয়, তখন কী ঘটতে পারে তা দেখল দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
খুলনা ও বরিশালে গত শনিবার মধ্যরাত থেকে যে বৃষ্টি হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের ৭০ বছরের রেকর্ডে তা সর্বোচ্চ। গতকাল রোববার দিনভর ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে এসব জেলার নিম্নাঞ্চল, মাছের ঘের-পুকুর, রাস্তাঘাট সব।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরের লঘুচাপটি গতকাল সন্ধ্যায় বাংলাদেশের ভূখণ্ডে এসে দুর্বল হয়ে গেছে। তবে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সারা দেশে ছড়িয়ে পড়েছে। এর ফলে আজও দেশের বেশির ভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, লঘুচাপের কারণে মৌসুমি বায়ু আগের চেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছে। এর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে আজ আরও পরের দিকে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট কমে এসে আবহাওয়া স্বাভাবিক হয়ে উঠতে পারে।
ভারী বৃষ্টিপাতের কবলে পড়ে সবচেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশাল জেলা। ওই জেলায় গতকাল সারা দিনে বৃষ্টি হয়েছে ২৭২ মিলিমিটার। এর আগে ১৯৮৭ সালে জেলায় সর্বোচ্চ ২৫৮ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড ছিল। গতকালের বৃষ্টিতে নিম্নাঞ্চল তো বটেই, শহরের উঁচু সড়ক টপকে বাড়িঘরেও পানি প্রবেশ করেছে। শহরের বেশির ভাগ সড়কে দুই থেকে চার ফুট পানি জমে।
খুলনায় গতকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ডটি ছিল ২০১৪ সালের ২২ জুন ১৭১ মিলিমিটার। গতকাল সন্ধ্যা ৬টার পরেও সেখানে অঝোরধারায় বৃষ্টি হচ্ছিল।
জেলার কয়রা, দাকোপ, পাইকগাছা, ডুমুরিয়া ও রূপসার বেশির ভাগ মাছের ঘের ও পুকুর তলিয়ে গেছে। জেলা বেড়িবাঁধগুলো হুমকির মুখে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছে নিম্নাঞ্চলের বেশির ভাগ মানুষ। খুলনা শহরের বেশির ভাগ সড়ক ও গলিতে হাঁটু ও কোমরসমান পানি জমেছে।
যশোরে গতকাল ১২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত ৮ ও ১০ আগস্টের বৃষ্টিপাতে এমনিতেই অভয়নগর ও মনিরামপুরের ভবদহ অঞ্চলের বেশির ভাগ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, গতকাল দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভোলায় ২৮৫ মিলিমিটার। এ ছাড়া চাঁদপুরে ২৫৯, পটুয়াখালীতে ২৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের বেশির ভাগ এলাকা মেঘলা ও জলীয়বাস্পে আচ্ছন্ন থাকতে পারে। ফলে দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বৃষ্টির পাশাপাশি হালকা শীত অনুভূতি হতে পারে।
(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন বরিশাল, যশোর ও খুলনা প্রতিনিধি)