লঘুচাপটি কাটেনি, আজও বৃষ্টির সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন আগে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্ট লঘুচাপটি এখনো অবস্থান করছে। এর প্রভাবে গতকালও ঢাকাসহ দেশের প্রায় সর্বত্র দমকা ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। আজও হওয়ার সম্ভাবনা আছে। আজ কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
গতকাল বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা বলেন, উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপটি গতকালও পশ্চিমবঙ্গ ও সন্নিহিত এলাকায় বিরাজ করছিল। এর ফলে দেশের প্রায় সর্বত্রই থেকে থেকে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু-একটি স্থানে ভারী বৃষ্টি হয়েছে।
ঢাকায় গতকাল সকালে একপশলা বৃষ্টি হলেও বিকেলে প্রায় এক ঘণ্টা ধরে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হয়েছে। এতে মহানগরীর অনেক রাস্তায় হাঁটুপানি জমে যায়। বৃষ্টি থামার পরও অনেকক্ষণ তা নগরবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। নগরীর যেসব এলাকায় রাস্তা কাটা-খোঁড়ার কাজ চলছে, সেখানে নাগরিক দুর্ভোগ কিছুক্ষণের জন্য হলেও চরমে উঠেছিল।
আজকের জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আর অঞ্চলভেদে কোনো কোনো নদীবন্দরকে ২ নম্বর এবং কোনো কোনোটিকে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে হবে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, পাবনা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও থাকতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে হবে।
দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।