লঘুচাপের প্রভাবে মধ্যকার্তিকে বৃষ্টি তাপমাত্রা কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোর এসেছিল বৃষ্টিকে সঙ্গী করে। সকালে রাজধানীবাসী ঘুম থেকে উঠেই দেখেন আকাশ মেঘলা, শহর বৃষ্টিস্নাত। এরপর গতকাল শুক্রবার সারা দিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে। শুধু ঢাকায় নয়, দেশের প্রায় সর্বত্র। বৃষ্টিতে তাপমাত্রা কমায় শীতের অনুভূতি ছড়িয়েছে।
আবহাওয়া বিভাগ বলেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপই মধ্যকার্তিকের এই বৃষ্টির কারণ। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ শনিবারও। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, আজও সারা দেশে কমবেশি বৃষ্টি হবে। আগামীকাল রোববার থেকে লঘুচাপের প্রভাব কমে আসতে পারে। তখন আকাশে মেঘের ঘনঘটা কমে এসে রোদের দেখা মিলতে পারে।
গতকাল রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা আগের দিনের তুলনায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, আজও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সে ক্ষেত্রে শীতের অনুভূতি আরও বাড়বে।