প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানের গুল্লিমারা শ্রমিক লাইন থেকে গতকাল সোমবার একটি লজ্জাবতী বানর ধরা পড়ে। পরে বন বিভাগের কাছে এটিকে সোপর্দ করা হয়। চা-বাগানের কৌশিক কৈরীর বাসার একটি গাছে বানরটি ধরা পড়ে। আলীনগর চা-বাগানের কৌমিখ কৈরী ও রোহিত কৈরী জানান, তাঁরা প্রথমে এটিকে ভালুকের বাচ্চা মনে করেছিলেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও লাউয়াছড়া বনবিট কর্মকর্তাকে (বন্য প্রাণী) জানানো হয়। লাউয়াছড়া বনবিট কর্মকর্তা (বন্য প্রাণী) মনিরুল ইসলাম বলেন, লজ্জাবতী বানরটিকে সুস্থ মনে হয়েছে। তারপরও এর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।