লজ্জাবতী বানর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার চকলেঙ্গুরা এলাকা থেকে সোমবার লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয় l প্রথম আলো
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার চকলেঙ্গুরা এলাকা থেকে সোমবার লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয় l প্রথম আলো

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরে গত সোমবার রাতে এক ব্যক্তি একটি লজ্জাবতী বানর আটক করেছেন। এটির উচ্চতা প্রায় এক ফুট, লম্বায় দেড় ফুট। গতকাল মঙ্গলবার বাংলাদেশ লজ্জাবতী বানর গবেষণা ও সংরক্ষণ প্রকল্পের লোকজন প্রাণীটি উদ্ধারের জন্য লোক পাঠিয়েছেন।
ওই ব্যক্তির নাম মো. আমিরুল ইসলাম। তিনি পৌরসভার চকলেঙ্গুরা এলাকার বাসিন্দা। বানরটি বর্তমানে তাঁর বাসায় রয়েছে। গতকাল প্রাণীটির ছবি দিয়ে তাঁর ভাই তাজুল ইসলাম ফেসবুকে একটি পোস্ট দেন।
ওই ব্যক্তি ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আমিরুল ইসলাম সোমবার রাত ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির সামনে টর্চলাইট জ্বালালে আলোয় একটি প্রাণীর চোখ জ্বলজ্বল করে ওঠে। এতে তিনি ভয় পান। চিৎকার করলে বাড়ি থেকে তাঁর বড় ভাই তাজুল ইসলাম ও লোকজন আলো নিয়ে আসেন। এ সময় এ প্রাণীটি পাশের কুমড়াগাছের মাচায় ওঠে। লোকজন এটিকে আটক করে বাড়িতে এনে বেঁধে রাখে। গতকাল সকালে বাজার থেকে খাঁচা এনে প্রাণীটি রাখা হয়। খাবার হিসেবে কলা, রুটি ও ডিম দেওয়া হয়। পরে তাজুল ইসলাম ফেসবুকে প্রাণীটির ছবি দিয়ে পোস্ট দেন। দুপুরে বিষয়টি বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ ইউনিটের পরিদর্শক আবদুল্লাহ আল সাদির নজরে আসে। তিনি তাজুল ইসলামকে মুঠোফোনে প্রাণীটিকে যত্ন করে রাখতে এবং খাবার দিতে অনুরোধ করেন। পরে তিনি বিষয়টি লজ্জাবতী বানর গবেষণা ও সংরক্ষণ প্রকল্পের লোকজনকে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ বলেন, হয়তো খাবারের অভাবে বানরটি লোকালয়ে চলে এসেছে।